মেসিকে না খেলানো সেই পেকারম্যানের মুখে এখন মেসি-স্ক্যালোনির প্রশংসা 

যুক্তরাষ্ট্রের কানসাস মিডিয়া সেন্টারের আয়তন অন্যান্য ভেন্যুর তুলনায় কিছুটা ছোট। তবে সেই ছোট পরিসরেই মিডিয়া সেন্টারের এক কোণে হঠাৎ দেখা গেলো সাংবাদিকদের উপচে পড়া ভিড়। কৌতূহল নিয়ে কাছে গিয়ে জানা গেলো, ভিড়ের কেন্দ্রে থাকা মানুষটি আর কেউ নন, আর্জেন্টিনা ফুটবল দলের সাবেক কিংবদন্তি কোচ হোসে পেকারম্যান। ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে তার অধীনেই খেলেছিল আলবিসেলেস্তেরা। তবে এবার ডাগআউটে নয়, প্রায় আশি ছুঁইছুঁই বয়সের পেকারম্যান এই বিশ্বকাপে এসেছেন অতিথি সাংবাদিক হয়ে, কাজ করছেন আর্জেন্টিনার একটি গণমাধ্যমের হয়ে। আর বয়স ও অভিজ্ঞতার এই প্রান্তে দাঁড়িয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের জন্য তিনি এখন সবচেয়ে বেশি ভরসা রাখছেন লিওনেল মেসির ওপর।

২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে পেকারম্যানের আর্জেন্টিনা দলকে নিয়ে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের আকাশচুম্বী প্রত্যাশা ছিল। তবে কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জার্মানির কাছে হেরে শেষ আট থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের। সেই সময় ফুটবল ইতিহাসে অন্যতম বড় সমালোচনার মুখে পড়তে হয়েছিল পেকারম্যানকে। জার্মানির বিপক্ষে সেই হাইভোল্টেজ নকআউট ম্যাচে বেঞ্চে বসিয়ে রাখা ১৯ বছর বয়সী তরুণ লিওনেল মেসিকে মাঠে নামানোর প্রয়োজন মনে করেননি তিনি। মেসিকে না খেলানোর সেই সিদ্ধান্তের কারণে বছরের পর বছর ধরে ফুটবল বিশ্বে সমালোচিত হতে হয়েছে পেকারম্যানকে, শুনতে হয়েছে কোটি ভক্তের আক্ষেপের প্রশ্ন।

সময়ের পরিক্রমায় সেই ১৯ বছরের তরুণ মেসি এখন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মহাতারকা। জার্মানি বিশ্বকাপে কেন মেসিকে খেলাননি— সেই প্রশ্নের মুখোমুখি বহুবার হতে হলেও, আজকের দিনে এসে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের জন্য মেসির ওপরই সবচেয়ে বড় বাজি ধরছেন পেকারম্যান। তিনি বলেন, “আর্জেন্টিনা এবার অত্যন্ত গোছানো ও শক্তিশালী একটি দল। তারা প্রতিটি ম্যাচেই দারুণ ফুটবল উপহার দিচ্ছে। একটি বড় দলের প্রধান বৈশিষ্ট্যই হলো, চরম চাপের মুখেও তারা ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিতে পারে। এবারও মেসি আর্জেন্টিনাকে দারুণ কিছু এনে দেবে, এমন আশা করাই যায়।” 

বয়সের ভারে কিছুটা ন্যুব্জ হলেও ফুটবলের প্রতি পেকারম্যানের ভালোবাসা ও আবেগ এতটুকু কমেনি। আর্জেন্টিনার বর্তমান দলের পাশাপাশি প্রধান কোচ লিওনেল স্ক্যালোনির রণকৌশল ও দল পরিচালনারও ভূয়সী প্রশংসা করেন তিনি। পেকারম্যান বলেন, “স্ক্যালোনি দলটিকে অসাধারণভাবে পরিচালনা করছে। এখন পর্যন্ত আর্জেন্টিনা চমৎকার ছন্দে রয়েছে এবং এই ধারাবাহিক সফলতার পুরো কৃতিত্ব কোচেরই প্রাপ্য।” 

দূর প্রবাসের এই মিডিয়া সেন্টারে এই প্রতিবেদকের পক্ষ থেকে ইংরেজিতে করা প্রশ্নের উত্তর পেকারম্যান দিয়েছেন তার চিরচেনা স্প্যানিশ ভাষায়। পরে স্প্যানিশ জানা সহকর্মী সাংবাদিকদের সহায়তায় তার বক্তব্যের মূল সারাংশ থেকে জানা যায়, সুদূর বাংলাদেশে আর্জেন্টিনার কোটি কোটি ভক্ত ও অকুণ্ঠ সমর্থনের কথা খুব ভালো করেই জানেন এই প্রবীণ কোচ।