এই দলটা কখনোই বিশ্বাস হারায় না: মেসি

অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। যে জয়ের পর স্বস্তি প্রকাশ করেছেন অধিনায়ক লিওনেল মেসি। 

ম্যাচ শেষে আলবিসেলেস্তে অধিনায়ক বলেছেন, ‘এই জয়ে আমি খুবই আনন্দিত, এটি ছিল অত্যন্ত কঠিন লড়াইয়ের একটি জয়।’

এর পাশাপাশি তিনি নিশ্চিত করে জানান,  প্রতিপক্ষ দল তাদের চমকে দিতে পারেনি, ‘আমরা জানতাম ম্যাচটি খুবই উত্তেজনাপূর্ণ ও কঠিন হতে যাচ্ছে। সামনে যা আসছে, তার আগে একটা স্বস্তিদায়ক সপ্তাহ কাটানোর জন্য আমাদের এই ধাপটি পার করা গুরুত্বপূর্ণ ছিল।’

আগামী বুধবার আটলান্টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। মেসির জন্য এই সেমিফাইনালটি হবে বিশেষ, কারণ এটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ সেমিফাইনাল। তাছাড়া, অফিসিয়াল কিংবা প্রীতি ম্যাচ—সব মিলিয়ে এবারই প্রথম তিনি ইংল্যান্ডের মুখোমুখি হবেন।

পরবর্তীতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই তারকা ফুটবলার ম্যাচের বেশ কয়েকটি ছবি পোস্ট করেন এবং একটি অনুপ্রেরণামূলক বার্তায় লিখেছেন, ‘আমাদের আবারও কঠিন পরীক্ষা দিতে হয়েছে (কষ্ট করতে হয়েছে), কিন্তু এই দলটা কখনোই বিশ্বাস হারায় না। আমরা আবারও বিশ্বের সেরা চার দলের মধ্যে চলে এসেছি! আরও এগিয়ে যেতে হবে!’