এই আর্জেন্টিনা এখন কাতার বিশ্বকাপের চেয়েও অভিজ্ঞ: স্ক্যালোনি

কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে অতিরিক্ত সময়ে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে দলের মানসিক দৃঢ়তা ও অভিজ্ঞতার প্রশংসা করে কোচ লিওনেল স্ক্যালোনি বলেছেন, কাতার বিশ্বকাপজয়ী দলের তুলনায় বর্তমান আর্জেন্টিনা আরও বেশি পরিণত।

সুইজারল্যান্ডের বিপক্ষে জয়টা সহজ ছিল না। নির্ধারিত সময়ে ১-১ ড্রয়ের পর অতিরিক্ত সময়ে জোড়া গোল করে শেষ চার নিশ্চিত করে আলবিসেলেস্তেরা। এর আগে শেষ ষোলোতেও মিশরের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকে ৩-২ ব্যবধানে জয় পায় তারা।

এমন কঠিন পরিস্থিতিতে দলের মানসিকতার প্রশংসা করে স্ক্যালোনি বলেছেন, ‘আমরা জানতাম আমাদের ভুগতে হবে। এটা আমাদের রক্তে, এটা আমাদের ডিএনএর অংশ। এই মানসিকতাই আমাদের শান্ত থাকতে সাহায্য করে।’

এই বিশ্বকাপে নকআউট পর্বে বারবার প্রতিকূল অবস্থার মুখোমুখি হলেও আর্জেন্টিনা প্রতিবারই ঘুরে দাঁড়িয়েছে। স্ক্যালোনির মতে, এর পেছনে রয়েছে অভিজ্ঞতার বড় ভূমিকা, ‘কাতার বিশ্বকাপে আমরা এতটা অভিজ্ঞ ছিলাম না। আমি নিজেও না। তখন এমন পরিস্থিতি সামলানো অনেক কঠিন ছিল।’ 

তিনি মনে করেন এই দলটা এখন আরও বেশি পরিণত, ‘এখন আমরা আরও অভিজ্ঞ। প্রতিপক্ষের আধিপত্য, সমতা ফেরানো গোল কিংবা কঠিন মুহূর্ত—এসব পরিস্থিতির সঙ্গে আমরা পরিচিত। তাই আজ দল শান্ত ছিল। খেলোয়াড়রা জানত কীভাবে ম্যাচে নিজেদের ধরে রাখতে হয়। আমরা কখনোই হাল ছেড়ে দেই না।’