আর্জেন্টিনা নয়, ট্রাম্প প্রশাসন চায় বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড  

বিশ্বকাপ থেকে অন্যতম স্বাগতিক যুক্তরাষ্ট্র আগেই বিদায় নিয়েছে। বিদায়ের পর টুর্নামেন্টে নিজেদের পছন্দের দল বেছে নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের প্রধান অ্যান্ড্রু জুলিয়ানির চাওয়া এবারের বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড। 

ডেইলি মেইলকে দেওয়া সাক্ষাৎকারে জুলিয়ানি বলেন, “যুক্তরাষ্ট্র যদি নিজেদের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্বকাপ জিততে না পারে, তাহলে আমাদের এই উদযাপনের সময়ে আমেরিকায় এসে ইংল্যান্ডের শিরোপা জেতাটা দারুণ একটি গল্প হতে পারে।”  

ইংল্যান্ড ছাড়া বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেওয়া বাকি তিন দল হলো আর্জেন্টিনা, ফ্রান্স ও স্পেন। কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় থমাস টুখেলের দল। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।  

সেমিফাইনালে পা রাখা চার দলের মধ্যে ইংল্যান্ডকে এগিয়ে রাখলেন জুলিয়ানি। তার বিশ্বাস, উত্তর আমেরিকা বিশ্বকাপে দারুণ কিছুই করবে হ্যারি কেইনের দল। তিনি বলেন, “ইংল্যান্ডের ৬০ বছরের অপেক্ষা চলছে। তারা যদি এবার টুর্নামেন্ট জেতে, তাহলে সেটি হবে অসাধারণ এক জয়। আমি মনে করি ইংল্যান্ড শেষ পর্যন্ত যেতে পারবে। টিকে থাকা দলগুলোর মধ্যে তারা অন্যতম সেরা।”  

ইংল্যান্ডের শিরোপা জয়ের সম্ভাবনায় কেইনের ভূমিকাকেও গুরুত্বপূর্ণ মনে করছেন জুলিয়ানি। তিনি বলেন, “হ্যারি কেইন ইংল্যান্ড দলের প্রধান গোল স্কোরার। তারা যদি টুর্নামেন্ট জেতে, তাহলে সে হবে অন্যতম প্রধান কারণ। সে দলের গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।” হ্যারি কেইন ও জুড বেলিংহাম দুজনই অসাধারণ অ্যাথলেট বলে উল্লেখ করেন তিনি।