নেকলেসে মন ভরেনি, জন্মদিনের উপহার হিসেবে আরও যা চান ইয়ামাল

নিজের ১৯তম জন্মদিন উদযাপনের পর ফ্রান্সের বিপক্ষে স্পেনের বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচ নিয়ে লামিন ইয়ামাল সাফ জানিয়ে দিয়েছেন, এই ম্যাচকে তিনি বিন্দুমাত্র ভয় পাচ্ছেন না।

গত সপ্তাহে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে স্পেনের ২-১ ব্যবধানের জয়ের পর বার্সেলোনার এই বিস্ময়বালক বেশ শোরগোল ফেলে দিয়েছিলেন। তার বরাতে সংবাদমাধ্যমে বলা হয়েছিল যে, লা রোজাদের (স্পেন) কাছে সাম্প্রতিক পরাজয়গুলোর পর স্পেনের নয়, বরং ফ্রান্সেরই ‘ভীত’ হওয়া উচিত।

সোমবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ ফুরফুরে মেজাজে থাকা ইয়ামাল সেই মন্তব্যটির ব্যাখ্যা দেন।

ইয়ামাল স্পষ্ট করে বলেন, ‘আমাকে জিজ্ঞেস করা হয়েছিল আমি ফ্রান্সকে ভয় পাচ্ছি কি না, আর আমি বলেছি না। আমরা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। এটি কেবলই একটি ফুটবল ম্যাচ।’

ইয়ামাল জানান, নিজের ১৯তম জন্মদিন উপলক্ষে তিনি একটি ভারী রত্নখচিত নেকলেস কিনেছেন, যা পরে তিনি সংবাদ সম্মেলনে এসেছিলেন। তবে তার আসল জন্মদিনের উপহার হবে আগামী রবিবারের বিশ্বকাপ ফাইনালের একটি টিকিট।

তিনি বলেন, ‘আমি এখনও খুব বেশি উপহার পাইনি। সবচেয়ে বড় উপহার হবে মঙ্গলবারের ম্যাচে একটি জয় এবং নিউ ইয়র্কের টিকিট নিশ্চিত করা।’

চলতি বিশ্বকাপে অন্য তারকারা যখন একের পর এক গোল বন্যায় ভাসছেন, সেখানে ইয়ামাল এখন পর্যন্ত টুর্নামেন্টে মাত্র একবার জালের দেখা পেয়েছেন— তবে ফ্রান্সের বিপক্ষে নিজের গোলসংখ্যা বাড়াতে তিনি পুরোপুরি প্রস্তুত।

‘আমি গোলের দিকে মনোযোগ দিই না, তবে এই ধরনের ম্যাচে গোল করাটা সবসময়ই বিশেষ কিছু। আমি চ্যালেঞ্জটি গ্রহণ করছি। আর এ কারণেই আমি এখানে এসেছি।’ দর্শকদের জন্য একটি ‘দারুণ ম্যাচ’ উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বলেন ইয়ামাল।

তিনি আরও যোগ করেন, ‘এটি এমন একটি ম্যাচ, যার জন্য সবাই অপেক্ষা করছিল।’ মঙ্গলবারের ম্যাচটির গুরুত্ব ও বিশালত্ব স্বীকার করলেও, পুরো বিষয়টিকে বেশ সহজভাবেই নিচ্ছেন ইয়ামাল।

তিনি বলেন, ‘একটি ফুটবল ম্যাচের চেয়ে জীবনের অন্যান্য পরিস্থিতি অনেক বেশি কঠিন হয়ে থাকে, তাই আমি শান্ত আছি। আমি বাড়তি কোনও চাপ অনুভব করছি না; আমি মাঠে নামবো, বরাবরের মতো খেলবো এবং দলের জন্য নিজের সেরাটা উজাড় করে দেবো।’