বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মঙ্গলবার রাত ১টায় মুখোমুখি হচ্ছে হেভিওয়েট স্পেন ও ফ্রান্স। ম্যাচের আগে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে জানিয়েছেন, বিশ্বকাপের অন্যতম ফেবারিট ফ্রান্সের বিপক্ষে রক্ষণাত্মক নয়, বরং নিজেদের স্বভাবসুলভ বলের দখল ও আক্রমণাত্মক ফুটবল খেলেই জয়ের লক্ষ্য নিয়ে নামবে তার দল।
সোমবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে স্পেন কোচ বলেছেন, প্রতিপক্ষের শক্তিকে সম্মান জানিয়ে মাঠে বলের নিয়ন্ত্রণ ধরে রেখে নিজেদের ফুটবল খেলার পরিকল্পনা তাদের।
যদিও ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পেনকে এখনও টুর্নামেন্টের অন্যতম ফেবারিট হিসেবে উল্লেখ করেছেন, তবু বাজির বাজারে এগিয়ে রাখা হচ্ছে ফরাসিদেরই। কিলিয়ান এমবাপ্পে, মাইকেল অলিসে ও উসমান দেম্বেলের মতো তারকাদের নিয়ে দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল খেলেই শেষ চারে জায়গা করে নিয়েছে ‘লে ব্লু’রা।
তবে গত দুই দেখায় ফ্রান্সকে হারানো স্পেন এবারও চমক দেখাতে আত্মবিশ্বাসী। মঙ্গলবার টেক্সাসের আরলিংটনের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে সেই লক্ষ্য নিয়েই মাঠে নামবে দে লা ফুয়েন্তের দল।
স্পেন কোচ বলেছেন, ‘ফ্রান্সকে আমরা খুব ভালোভাবেই বিশ্লেষণ করেছি। অনেক দিন ধরেই একে অপরের বিপক্ষে খেলছি। তাদের দারুণ সব খেলোয়াড় আছে, আমাদেরও আছে। নিজেদের সেরাটা তুলে ধরতে হবে, পাশাপাশি তাদের শক্তির জবাবও দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘ফুটবলে শেষ পর্যন্ত জয় পায় সেই দল, যারা আক্রমণ ও রক্ষণ দুইয়ের মধ্যে ভালো ভারসাম্য রাখতে পারে। আমরা এক-একটি দ্বৈরথ জিততে চাই। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে চাই।’
তবে কাজটা যে সহজ হবে না, সেটিও স্বীকার করেছেন স্পেন কোচ। গত বছর উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে ৫-৪ গোলে ফ্রান্সকে হারালেও সেই ম্যাচের সঙ্গে এবারকার লড়াইয়ের কোনও মিল দেখছেন না তিনি, ‘ওটা ছিল সম্পূর্ণ ভিন্ন একটি ম্যাচ। আমরা ৫-১ গোলে এগিয়ে ছিলাম, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই তারা ব্যবধান কমিয়ে ৫-৪ করে ফেলে। তাই এবার আমরা ভালো দিকগুলো ধরে রাখতে চাই। ভুলগুলো শুধরে নিতে চাই।’