বিশ্বকাপ জিতে স্পেনের প্রতিটি ফুটবলার কত পেলেন?

বিশ্বকাপ ট্রফি হাতে তোলার আনন্দের কোনো মূল্য হয় না। কিন্তু সেই গৌরবের সঙ্গেই আসে কোটি কোটি টাকার পুরস্কার। ২০২৬ বিশ্বকাপ জিতে শুধু ইতিহাসই গড়েনি স্পেন। আর্থিকভাবেও সমৃদ্ধ হয়েছে। ফিফার প্রাইজমানি থেকে শুরু করে স্পনসরশিপ, সব মিলিয়ে লাভের অঙ্ক এখন আকাশছোঁয়া। আর সেই অর্থের একটি বড় অংশ ভাগ করে নিচ্ছেন বিশ্বজয়ী ফুটবলাররাও।

বিশ্বকাপ জয়ের জন্য স্পেনের ফুটবল ফেডারেশন (আরএফইএফ) ফিফার কাছ থেকে ৫ কোটি মার্কিন ডলার (৫০ মিলিয়ন) পুরস্কার পাচ্ছে।
তবে এটি তাদের একমাত্র আয় নয়। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার ফলে স্পন্সরশিপ চুক্তির মূল্য বাড়বে, নতুন বাণিজ্যিক অংশীদার যুক্ত হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। ফলে আর্থিক লাভ আরও অনেক বেশি হবে।

আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনাল আবার খেলতে চায় আর্জেন্টিনা, ৮০ হাজার অনলাইন পিটিশন

বর্তমানে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সঙ্গে ৩৫টি করপোরেট অংশীদার কাজ করছে। প্রধান অংশীদারদের মধ্যে রয়েছে অ্যাডিডাস, এব্রো, মাপফ্রে, ইবেরদ্রোলা, হালকোন এবং মোভিস্টার।

ফেডারেশনের মতে, স্পেন জাতীয় দল এখন তাদের সবচেয়ে মূল্যবান বাণিজ্যিক সম্পদগুলোর একটি। বিশ্বকাপ জয়ের ফলে আন্তর্জাতিক বাজারে স্পেনের ব্র্যান্ড ভ্যালু আরও বেড়েছে। যা বিদ্যমান স্পন্সরদের পাশাপাশি নতুন বৈশ্বিক স্পনসর আকর্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এবার দেখে নেওয়া যাক স্পেনের খেলোয়াড়রা কত টাকা পাচ্ছেন। ফিফার দেওয়া ৫ কোটি ডলারের পুরস্কারের প্রায় ৪৫ শতাংশ খেলোয়াড়দের মধ্যে বোনাস হিসেবে বিতরণ করা হবে। অর্থাৎ, মোট প্রায় ২ কোটি ৫৯ লাখ ডলার (২৫.৯ মিলিয়ন) যাবে বিশ্বজয়ী স্কোয়াডের খেলোয়াড়দের হাতে।

২৬ সদস্যের স্কোয়াডে এই অর্থ সমানভাবে ভাগ করলে প্রত্যেক খেলোয়াড় কর কাটার আগে প্রায় ৯ লাখ ৯৫ হাজার মার্কিন ডলার (প্রায় ১০ লাখ ডলার) পাবেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ কোটি ২৫ লাখ ৬৮ হাজার ৮২০ টাকার মতো।

অবশ্য বিশ্বকাপজয়ী ফুটবলারদের আয় শুধু এই বোনাসেই সীমাবদ্ধ নয়। স্পেন জাতীয় দলের সদস্যরা লা রোহার হয়ে খেলার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বাণিজ্যিক ও বিজ্ঞাপন চুক্তি থেকেও অতিরিক্ত অর্থ আয় করেন। ফলে বিশ্বকাপ জয় তাদের ব্যক্তিগত আয়ের ক্ষেত্রেও বড় প্রভাব ফেলবে।