ইউরোপীয় টুর্নামেন্টে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করবে যেসব ক্লাব, দেখে নিন পুরো তালিকা

বিশ্বকাপের উত্তাপ শেষ। এবার আবার ইউরোপীয় ক্লাব ফুটবলের মঞ্চে ফেরার পালা। আগস্ট থেকেই শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ মৌসুম, আর তার সঙ্গে ইউরোপসেরার লড়াইও। ২০২৬-২৭ মৌসুমে ইংল্যান্ডের কোন কোন ক্লাব চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগে খেলবে- তা ইতোমধ্যেই চূড়ান্ত। চলুন দেখে নেওয়া যাক ইউরোপীয় প্রতিযোগিতায় কারা প্রিমিয়ার লিগকে প্রতিনিধিত্ব করবে।

প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের পর্দা উঠবে ২১ আগস্ট, যেখানে বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল মুখোমুখি হবে নবাগত কভেন্ট্রি সিটির।

আরও পড়ুন: প্রাণনাশের হুমকিতে মেক্সিকো ছাড়লেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা

এদিকে উয়েফার তিনটি ক্লাব প্রতিযোগিতা—চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ এবং কনফারেন্স লিগ—এর বাছাইপর্বও ইতোমধ্যে শুরু হয়ে গেছে। ২০২৬-২৭ মৌসুমে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করবে নিচের ক্লাবগুলো।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

ইংল্যান্ড থেকে মোট পাঁচটি ক্লাব সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে খেলবে।

দলগুলো হলো: আর্সেনাল, অ্যাস্টন ভিলা, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড। এখানে উল্লেখ্য, উয়েফার কো-ইফিসিয়েন্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকায় ইংল্যান্ড অতিরিক্ত একটি চ্যাম্পিয়ন্স লিগের স্থান পেয়েছে।

২০২৫-২৬ প্রিমিয়ার লিগে শীর্ষ চারে থাকা আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড এবং অ্যাস্টন ভিলা সরাসরি জায়গা নিশ্চিত করেছে। অন্যদিকে পঞ্চম স্থানে শেষ করেও অতিরিক্ত কোটার সুবাদে চ্যাম্পিয়ন্স লিগে উঠেছে লিভারপুল।

উয়েফা ইউরোপা লিগ

২০২৬-২৭ মৌসুমে ইউরোপা লিগের লিগ পর্বে ইংল্যান্ড থেকে খেলবে তিনটি ক্লাব। দলগুলো হলো- ক্রিস্টাল প্যালেস, বোর্নমাউথ, সান্ডারল্যান্ড।

প্রিমিয়ার লিগে ষষ্ঠ ও সপ্তম স্থান অর্জন করায় যথাক্রমে বোর্নমাউথ ও সান্ডারল্যান্ড ইউরোপা লিগে জায়গা পেয়েছে। অন্যদিকে ২০২৫-২৬ উয়েফা কনফারেন্স লিগের চ্যাম্পিয়ন হওয়ায় ইউরোপা লিগের টিকিট নিশ্চিত করেছে ক্রিস্টাল প্যালেস।

উয়েফা কনফারেন্স লিগ

কনফারেন্স লিগের প্লে-অফ পর্বে ইংল্যান্ডের একমাত্র প্রতিনিধি হবে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন। ২০২৫-২৬ প্রিমিয়ার লিগ অষ্টম স্থানে শেষ করায় কনফারেন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে ব্রাইটন।