ফিফার বিরুদ্ধে বিদ্রোহ, বিশ্বকাপ বয়কটের ঘোষণা উয়েফার

বিশ্ব ফুটবলে শুরু হয়েছে নজিরবিহীন ক্ষমতার লড়াই। ফিফার নতুন বাণিজ্যিক পরিকল্পনার বিরুদ্ধে এবার কঠোর অবস্থান নিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। শুধু বিরোধিতাই নয়, প্রয়োজনে বিশ্বকাপ বয়কটেরও ঘোষণা দিয়েছে ইউরোপের ৫৫টি সদস্য দেশ।

অর্থাৎ ফিফা যদি বিশ্বকাপসহ নিজেদের প্রধান টুর্নামেন্টগুলোর মালিকানার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা বাস্তবায়ন করে, তাহলে ফিফার সব প্রতিযোগিতা বয়কট করবে উয়েফার সদস্য দেশ। ফিফার বিতর্কিত প্রস্তাব নিয়ে জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে উয়েফা।

এর আগে ফিফার পরিকল্পনার বিরুদ্ধে দুটি কড়া বিবৃতি দিয়েছিল তারা। এবার সেই অবস্থান আরও কঠোর করে সদস্য দেশগুলো সর্বসম্মতিক্রমে বয়কটের সিদ্ধান্তে সমর্থন জানিয়েছে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রস্তাব সদস্য দেশগুলোর ভোটে পাস হলে, পুরুষ ও নারী বিশ্বকাপ, ক্লাব বিশ্বকাপসহ ফিফার সব টুর্নামেন্টেই এই বয়কট কার্যকর হবে।

এই অবস্থানের প্রথম পরীক্ষা হতে পারে আগামী অক্টোবরে, যখন নারী বিশ্বকাপের প্লে-অফ অনুষ্ঠিত হওয়ার কথা।

জরুরি বৈঠকের পর দেওয়া এক বিবৃতিতে উয়েফা জানায়, ‘আমরা এবং আমাদের ৫৫টি সদস্য সংস্থা একসঙ্গে আছি। বিশ্বকাপ ও ফিফার অন্যান্য প্রতিযোগিতার মালিকানার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের প্রস্তাব আমরা সর্বসম্মতিক্রমে এবং দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করছি।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘বিশ্বকাপকে কোনো বিনিয়োগ পণ্য হিসেবে দেখা যায় না। এটি ফুটবলের অন্যতম শ্রেষ্ঠ ঐতিহ্য, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে খেলোয়াড়, জাতীয় দল ও সমর্থকদের অবদানে গড়ে উঠেছে। এর কোনো অংশই কখনো বেসরকারি বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়া উচিত নয়। বিশ্বকাপ বিক্রির জন্য নয়।’