আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ খেলার বাইরে এবার নিজের দেশের জন্য মুখ খুলেছেন। নিজ দেশের সার্বভৌমত্ব ও ভূমি সুরক্ষার লড়াইয়ে নেমেছেন তিনি। আর্জেন্টিনার প্রস্তাবিত নতুন ‘ল্যান্ড ল রিফর্ম’ বা ভূমি আইন সংস্কার—যেখানে বিদেশি পুঁজির কাছে দেশের জমির মালিকানা হস্তান্তরের পথ সহজ করা হচ্ছে। সরকারের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন তিনি।
নিজের ইনস্টাগ্রামে দেশের প্রাকৃতিক সৌন্দর্যের ছবি শেয়ার করে ‘দ্য বুচার’ খ্যাত ডিফেন্ডার আবেগঘন বার্তায় লেখেন, ‘মাটি রক্ষা করো। আর্জেন্টিনার জমি বিক্রির জন্য নয়।’
সরকার হয়তো এই সংস্কারকে ‘বিনিয়োগ’ বা ‘উন্নয়ন’ হিসেবে তুলে ধরছে। কিন্তু লিসান্দ্রোর স্পষ্ট বার্তা—জন্মভূমির ধুলোবালি ও মাটির মূল্য কোনও অর্থ দিয়ে হয় না। বিশ্বজয়ী এই ফুটবলার যেন মনে করিয়ে দিলেন, যে কোনও ট্রফি জয়ের চেয়েও মাতৃভূমির এক ইঞ্চি মাটির সুরক্ষা বহুগুণ বেশি মূল্যবান।
ম্যানচেস্টার ইউনাইটেডের এই সেন্টার-ব্যাকের আগেও আর্জেন্টিনার সামাজিক ও জাতীয় বিভিন্ন ইস্যু নিয়ে সরব হয়েছিলেন। দেশের স্বার্থে আরও একবার প্রতিবাদী ভূমিকায় তিনি।