রিয়াল মাদ্রিদে ভিনিসিয়ুসের চুক্তি নবায়ন

অবশেষে ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে ৬ বছরের চুক্তি নবায়ন করেছে রিয়াল মাদ্রিদ। ২০৩২ সাল পর্যন্ত দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে।

বৃহস্পতিবার রাতে ভিনিসিয়ুসের চুক্তি নবায়নের দিনে আরও একটি বড় চমক উপহার দিয়েছে রিয়াল। লাইপজিগ থেকে আইভরি কোস্টের উইঙ্গার ইয়ান দিওমান্দেকে সই করিয়েছে তারা। যার চুক্তিভিত্তিক মূল্য প্রায় ১৪ কোটি ইউরো!

এর আগে বের্নার্দো সিলভা, ইব্রাহিমা কোনাতে, ডেনজেল ডামফ্রিস, মার্ক কুকুরেয়া ও কার্লোস এসপিকে দলে টেনেছে ক্লাবটি।

এক বিবৃতিতে স্প্যানিশ জায়ান্ট ‘লস ব্লাঙ্কোস’রা জানায়, ‘রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব ও ভিনিসিয়ুস জুনিয়র চুক্তির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত আমাদের ক্লাবের সঙ্গেই যুক্ত থাকছেন এই খেলোয়াড়।’

রিয়ালে ভিনির চুক্তির মেয়াদ বাকি ছিল আর মাত্র ১২ মাস। সম্প্রতি ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব আর্সেনালও তাকে দলে টানতে বেশ আগ্রহী হয়ে উঠেছিল।

২০১৮ সালে টিনএজার হিসেবে রিয়ালে যোগ দেন ভিনি। ক্লাবটিতে শুরুর দিকে তার মানিয়ে নিতে বেশ সময় লাগলেও, পরে বিশ্বের সেরা ফুটবলারদের একজন হয়ে ওঠেন তিনি। দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের পথে ফাইনালে গোল করেন এই ফরোয়ার্ড।

২০২৪ সালে ব্যালন ডি’রের লড়াইয়ে হন রানার্সআপ এবং ওই বছরের ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতেন তিনি। রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৩৭৬ ম্যাচে ১২৮টি গোল ও ১০০টি অ্যাসিস্ট করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস।