চীনের সাবেক নেতা মাও সেতুংকে নিয়ে মন্তব্য করে তুমুল বিতর্কে জড়িয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ক্ষমা চেয়েছেন ফরাসি তারকা। দুঃখ প্রকাশ করেছে তার ক্লাব রিয়াল মাদ্রিদ ও স্প্যানিশ লিগ কর্তৃপক্ষও। কিন্তু তাতেও মন গলেনি চীনের। বিতর্কের জেরে রবিবার রিয়াল মাদ্রিদের লা লিগার ম্যাচ সম্প্রচার করেনি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি।
রেসিংয়ের বিপক্ষে রিয়ালের ম্যাচটি শুরু হয় গ্রিনিচ মান সময় ১৫টা ১৫ মিনিটে। তবে সিসিটিভির দুটি স্পোর্টস চ্যানেলের কোনোটিতেই ম্যাচটি দেখানো হয়নি বলে জানিয়েছে এএফপি। লা লিগার একাদশ রাউন্ডের অন্য ম্যাচগুলোর কোনোটি এখন পর্যন্ত দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়নি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মাও সেতুংকে ‘স্বৈরশাসক’ বলে উল্লেখ করতে শোনা যায় এমবাপ্পেকে। এরপরই সিসিটিভির তত্ত্বাবধানকারী সংস্থা চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) স্প্যানিশ লিগের সম্প্রচার বন্ধের ঘোষণা দেয়। সোমবার সংস্থাটি জানায়, বিতর্কের অবসান ঘটাতে এমবাপ্পে, রিয়াল মাদ্রিদ ও লা লিগার ক্ষমা চাওয়া ছিল অবশ্যপূরণীয় শর্ত।
ভিডিওতে এমবাপ্পেকে বলতে শোনা যায়, ইন্টারনেটে তাকে নিয়ে দেখা সবচেয়ে মজার মিম ছিল তার মুখের সঙ্গে অন্য এক ব্যক্তির জুড়ে দেওয়া ছবি। ওই ব্যক্তিকে তিনি ‘চীনের কোনো এক স্বৈরশাসক’ বলে উল্লেখ করেন। এটি ছিল মাও সেতুংয়ের ছবির ওপর এমবাপ্পের মুখ বসিয়ে তৈরি করা একটি মিমের প্রতি ইঙ্গিত।
পরে নিজের মন্তব্যকে ‘বিবেচনাহীন’ আখ্যা দিয়ে ক্ষমা চান এমবাপ্পে। লা লিগা জানায়, তারা এ ঘটনায় ‘গভীরভাবে’ দুঃখিত। রিয়াল মাদ্রিদও ক্ষমা চেয়ে বিবৃতি দেয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এমবাপ্পের ক্ষমা চাওয়াকে ‘গুরুত্বের সঙ্গে’ নেওয়ার কথা জানিয়েছে।
সিসিটিভির স্পোর্টস ওয়েবসাইট পরে জানায়, সিএমজি ক্ষমা প্রার্থনার বিষয়টি গ্রহণ করেছে। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা শুরু হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।
এএফপি জানিয়েছে, সপ্তাহান্তের আগে লা লিগার কাছে জানতে চাওয়া হলে তারা বলেছিল, চীনের টেলিভিশনে আগে সব ম্যাচ সরাসরি সম্প্রচার করা হতো। তবে কোন কোন প্ল্যাটফর্মে খেলা দেখানো হয়, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি লিগ কর্তৃপক্ষ।
এদিকে রাষ্ট্রীয় টেলিকম নেটওয়ার্ক চায়না মোবাইলের মালিকানাধীন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম মিগুতে লা লিগার কয়েকটি ম্যাচ সরাসরি সম্প্রচারিত হয়েছে। শনিবার বার্সেলোনার আলাভেসের বিপক্ষে ৬-১ গোলের জয়ও সেখানে দেখানো হয়। তবে রবিবার রেসিংয়ের বিপক্ষে রিয়ালের ম্যাচটি মিগুতেও সম্প্রচারিত হতে দেখা যায়নি।
মেসির নৈপুণ্যে মায়ামির জয়