ঢাকায় ফর্টিসকে নিয়ে কী বললেন ব্রাজিলিয়ান কোচ

এএফসি চ্যালেঞ্জ লিগে প্রথমবার খেলছে বাংলাদেশের ফর্টিস এফসি। মূলপর্বে উঠতে মঙ্গলবার কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডের বিপক্ষে জিততে হবে। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বিকাল ৩টায়। এএফসির কোনো প্রতিযোগিতায় এই প্রথম খেলতে নামা ফর্টিসের সামনে তাই অভিষেকেই ইতিহাস গড়ার সুযোগ।

এএফসি প্রতিযোগিতায় বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের খেলার কথা থাকলেও নিষেধাজ্ঞা থাকায় হয়নি। অপ্রত্যাশিতভাবে পাওয়া সুযোগটিই এখন ফর্টিসের জন্য বড় মঞ্চে নিজেদের পরিচয় দেওয়ার উপলক্ষ।

যদিও কাজটা সহজ হবে না। বাংলাদেশের ঘরোয়া ফুটবল শেষ হয়েছে প্রায় আড়াই মাস আগে। এরপর প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ হয়নি ফর্টিসের। মুরাসের বাস্তবতা ঠিক উল্টো। কিরগিজ লিগে নিয়মিত খেলার মধ্যেই আছে তারা। ঢাকায় আসার চার দিন আগেও একটি লিগ ম্যাচ খেলেছে দলটি। ফলে ম্যাচের প্রস্তুতি ও ছন্দে কিরগিজ ক্লাবটিই এগিয়ে।

ফর্টিস কোচ মাসুদ পারভেজ কায়সারের কাছেও এই ম্যাচের গুরুত্ব অন্য রকম। জাতীয় পর্যায়ের প্রতিনিধিত্বের দায়িত্বের কথা মাথায় রেখেই মাঠে নামতে চান তিনি। সংবাদ সম্মেলনে কায়সার বলেছেন, ‘আমি রোমাঞ্চিত নই, এটা অনেক বড় দায়িত্ব। এটা শুধু ফর্টিসের জন্য নয়, বাংলাদেশের জন্যও। ফর্টিস বাংলাদেশকে এএফসি পর্যায়ে প্রতিনিধিত্ব করতেছে।’

প্রতিযোগিতামূলক ম্যাচের ঘাটতি পূরণে গত কয়েক সপ্তাহে প্রস্তুতিতে জোর দিয়েছে ফর্টিস। নতুন দল নিয়ে প্রায় তিন সপ্তাহ কাজ করেছেন কায়সার। পুলিশ এফসির বিপক্ষে প্রস্তুতি ম্যাচও খেলেছেন তারা। তারপরও প্রতিপক্ষের সঙ্গে ছন্দের পার্থক্যটা যে বড়, সেটি স্বীকার করছেন ফর্টিস কোচ। কায়সার বলেছেন, ‘গত দুই মাস ধরে বাংলাদেশে কোনো ধরনের প্রতিযোগিতামূলক ফুটবল নেই। অন্যদিকে মুরাস তাদের লিগে নিয়মিত অংশগ্রহণ করে যাচ্ছে। আমরা পুলিশ এফসির সঙ্গে দুটি ম্যাচ খেলার চেষ্টা করেছি। এটা হয়তো আপ টু দ্য মার্ক না, কিন্তু কিছুটা হলেও আমাদের সহায়তা করেছে।’

নতুন করে দল গড়ার কারণেও কিছুটা সময় গেছে ফর্টিসের। গত তিন-চার বছরে ক্লাবটির হয়ে খেলা প্রায় সাতজন ফুটবলার এবার অন্য দলে চলে গেছেন। এএফসির ম্যাচ সামনে রেখে তাই দ্রুতই দল সাজাতে হয়েছে।  আবাহনী লিমিটেড থেকে ইব্রাহিম ও শাকিলকে শুধু এই প্রতিযোগিতার জন্য দলে নিয়েছে ফর্টিস। বিদেশি খেলোয়াড়ও আছেন আটজন।

মুরাসের জন্য আরেকটি পরীক্ষা হতে পারে ঢাকার আবহাওয়া। ম্যাচটি শুরু হবে বেলা ৩টায়। শীতপ্রধান কিরগিজস্তান থেকে আসা দলের বিপক্ষে এই গরমকে নিজেদের পক্ষে কাজে লাগানোর পরিকল্পনা ফর্টিসের। কায়সারের ব্যাখ্যা, ‘যেহেতু ওরা শীতপ্রধান দেশ, আমরা প্রত্যেকটা ম্যাচের আগে জয়ের জন্য কোনো না কোনো ফাঁকফোকর বের করতে পারে কি না—এটা তারই একটা অংশ।’

তবে আবহাওয়াকে অজুহাত বানাতে রাজি নন মুরাসের ব্রাজিলিয়ান কোচ এদমার দে লাসেরদা। ঢাকার গরম যে কঠিন হবে জানেন তারা। তার মন্তব্য, ‘আমরা এই আবহাওয়া সম্পর্কে জানি। আমরা জানি, এটি আমাদের জন্য কঠিন, তবে ফর্টিসের জন্যও কঠিন।’

বাংলাদেশের ফুটবলে মুরাসের ইতিবাচক অভিজ্ঞতাও আছে। গত বছর আবাহনী লিমিটেডকে ২–০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে উঠেছিল কিরগিজ ক্লাবটি। সেই আসরে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল তারা। এবার ফর্টিসের বিপক্ষে নামার আগে প্রতিপক্ষের তিনটি ম্যাচও বিশ্লেষণ করেছে মুরাস।

ফর্টিসকে নিয়ে মুরাস কোচের মূল্যায়ন, ‘ফর্টিসের তিনটি ম্যাচ দেখেছি। আমরা জানি, তাদের ভালো খেলোয়াড় আছে, ভালো দল আছে, তারা ভালো ফুটবল খেলে। ওদের বলের ওপর নিয়ন্ত্রণ ভালো।’

মঙ্গলবার একই দিনে এএফসি চ্যালেঞ্জ লিগে মাঠে নামবে বাংলাদেশের আরেক প্রতিনিধি পুলিশ এফসি। জর্ডানের আম্মানে রাত ১১টায় সিরিয়ার ক্লাব আল ইত্তিহাদের বিপক্ষে খেলবে তারা।