ফিফার অন্দরমহলে যখন বিতর্কের ঝড়, তখনই সংস্থাটির প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর পাশে শক্ত অবস্থান নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি ব্যর্থ বেসরকারি বিনিয়োগ প্রকল্প নিয়ে সমালোচনার মুখে থাকা ইনফান্তিনোকে সরানোর কথা ভাবাটাকেই ভয়াবহ ভুল বলে মন্তব্য করেছেন ট্রাম্প।
সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘যে কারণেই হোক, ফিফা যদি প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে সরানোর কথা বিবেচনাও করে, তাহলে সেটি হবে একটি ভয়াবহ ভুল।’
ইতালীয়-সুইস এই আইনজীবীর ভূয়সী প্রশংসা করে ট্রাম্প তাকে চমৎকার ব্যক্তি হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে দাবি করেন, ইনফান্তিনোর নেতৃত্বেই ইতিহাসের সবচেয়ে সফল বিশ্বকাপ আয়োজন করা হয়েছে এবং সেটি আগের যেকোনো বিশ্বকাপের তুলনায় চার গুণ বেশি সফল ছিল।
ট্রাম্প আরও বলেন, ‘সে যদি চলে যায়, তাহলে এটি আর কখনোই এতটা সফল বা লাভজনক হবে না!’
তবে ইনফান্তিনোর প্রতি ট্রাম্পের এই প্রকাশ্য সমর্থন যুক্তরাষ্ট্রের ফুটবল সংস্থার অবস্থানের সঙ্গে স্পষ্টতই সাংঘর্ষিক। যুক্তরাষ্ট্র ফুটবল, কানাডা ফুটবল এবং মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের কয়েকটি ফুটবল সংগঠন যৌথভাবে ইনফান্তিনোর নেতৃত্বের সমালোচনা করেছে।
আগামী মার্চে পুনর্নির্বাচনের মুখোমুখি হতে যাওয়া ইনফান্তিনো তার বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। অন্যদিকে, ফিফাও তার বিতর্কিত প্রেসিডেন্টের পাশে দাঁড়িয়েছে। সংস্থাটি বলেছে, তাদের বিরুদ্ধে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে, তা কিছু পক্ষের পরিকল্পিত ও চলমানভাবে সংস্থাটিকে দুর্বল করার প্রচেষ্টা।
এদিকে, আফ্রিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল এবং দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থাসহ আরও কয়েকটি সংগঠন ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছে।