ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব ও সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়ে এবার সরাসরি জবাব চেয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রকল্প থেকে শুরু করে ফিফা শান্তি পুরস্কারসহ বিভিন্ন বিষয়ে ৪২টি প্রশ্নের উত্তর আগামী ২ নভেম্বরের মধ্যে দিতে বলেছে সংস্থাটি।
ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফিফার প্রশাসনিক কার্যক্রম ও সিদ্ধান্ত নিয়ে জবাবদিহি নিশ্চিত করতে উয়েফা এই উদ্যোগ নিয়েছে। ইনফান্তিনো প্রস্তাবিত বিশ্বকাপের বেসরকারিকরণ প্রকল্প নিয়ে বিতর্কের পর থেকেই তার পদত্যাগের দাবিতে সরব ছিল উয়েফা। শেষ পর্যন্ত অবশ্য প্রকল্পটি বাতিল করা হয়।
আগামী বছর পুনরায় ফিফা নির্বাচনে অংশ নিতে যাওয়া ৫৬ বছর বয়সী ইনফান্তিনো গত সপ্তাহে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চান। একই সঙ্গে নিজের নেতৃত্ব ও প্রশাসন নিয়ে যাদের প্রশ্ন রয়েছে, তাদের লিখিতভাবে তা জমা দিতে বলেন। ১৬ ডিসেম্বরের পরবর্তী কাউন্সিল সভায় সেসব প্রশ্নের উত্তর দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
তবে সোমবার স্কাই স্পোর্টসসহ কয়েকটি ব্রিটিশ সংবাদমাধ্যম জানায়, ইনফান্তিনোর জবাবের জন্য ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে রাজি নয় উয়েফা। সংস্থাটির মহাসচিব থিওডোর থিওডোরিদিস ফিফার মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রমকে চিঠি লিখে ১২টি বিষয়ে ৪২টি প্রশ্নের দ্রুত জবাব চেয়েছেন।
চিঠিতে থিওডোরিদিস লিখেছেন, ‘এই প্রশ্নগুলোর উত্তর এখনই প্রয়োজন।’
তিনি আরও লিখেছেন, ‘ফিফা কাউন্সিলের পরবর্তী সভা পর্যন্ত এসব প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করা যায় না। ভবিষ্যতে প্রশাসনিক সংস্কারের উদ্যোগও ইতিমধ্যে নেওয়া সিদ্ধান্তগুলোর পর্যালোচনা ও সেগুলোর জন্য জবাবদিহির বিকল্প হতে পারে না।’
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তারা চিঠিটির কোনো অনুলিপি দেখেনি। এ বিষয়ে মন্তব্য জানতে ইমেইল করা হলেও তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি উয়েফা ও ফিফা।