‘মনে হয়েছে দেশের জন্য খেলেছি, এমন গোল পাওয়া ভাগ্যের বিষয়’

এএফসি চ্যালেঞ্জ লিগে অভিষেকেই বাজিমাত করেছে ফর্টিস এফসি। প্রথমবার এএফসির এই টুর্নামেন্টে খেলতে নেমেই অভিষেকটা স্মরণীয় করে রাখলো তারা। কিরগিজস্তানের শক্তিশালী ক্লাব মুরাস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে ফর্টিস।

আর ফর্টিসকে পরের রাউন্ডে তোলার নায়ক আবাহনী লিমিটেড থেকে ধারে খেলতে আসা মোহাম্মদ ইব্রাহিম।

জয়ের পর সংবাদ সম্মেলনে নিজের অনুভূতি জানাতে গিয়ে ইব্রাহিম বলেন, ‘আমার মাথায় এটা ছিল না যে ফর্টিসের হয়ে খেলছি। মনে হয়েছে, দেশের জন্য খেলছি। এখানে দেশটাই বড়। দেশের হয়ে অবদান রেখে গোল করতে পেরে ভীষণ ভালো লাগছে। এমন গোল পাওয়া ভাগ্যের বিষয়।’

বাংলাদেশ থেকে এবার দুটি ক্লাব এএফসি চ্যালেঞ্জ লিগে অংশ নিয়েছে। রাতে সিরিয়ার ক্লাব আল ইত্তিহাদের মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ এফসি।

এর আগে বসুন্ধরা কিংস চ্যালেঞ্জ লিগের মূলপর্বে খেলেছে। তবে এবার কিছু জটিলতার কারণে বাংলাদেশ ফুটবল লিগের ছয়বারের চ্যাম্পিয়নরা অংশ নিতে পারেনি। একই অবস্থা আবাহনী লিমিটেডেরও। ফলে সুযোগটা আসে ফর্টিস ও বাংলাদেশ পুলিশের সামনে।

ফর্টিস সেই সুযোগ কাজে লাগিয়েছে দারুণভাবে। ম্যাচের ৫২ মিনিটে পা ওমর বাবুর বাড়ানো থ্রু থেকে বল পেয়ে যান ইব্রাহিম। ডান পায়ে আলতো ছোঁয়ায় বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের গড়ানো শটে মুরাসের জালে বল জড়িয়ে দেন তিনি।

নিজের গোল নিয়ে ইব্রাহিম বলেন, ‘আন্তর্জাতিক ম্যাচে এর আগেও গোল করেছি। এটি সেরা গোল নয়, তবে এই ম্যাচ ও মুহূর্তটির গুরুত্ব আমার কাছে অনেক বেশি। কোচ আমাকে নিজের ওপর বিশ্বাস রাখতে বলেছিলেন। আমি সেই বিশ্বাস রেখেই নিজের সেরাটা উজাড় করে খেলেছি।’

২০২৩ সালে বসুন্ধরা কিংসের হয়ে এএফসি ক্লাব কাপে গোল করেছিলেন ইব্রাহিম। মুরাসের বিপক্ষে গোলটি আন্তর্জাতিক ক্লাব ফুটবলে তার দ্বিতীয় গোল।

এছাড়া জাতীয় দলের হয়ে ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ডের রয়েছে চারটি গোল।

মুরাসের বিপক্ষে ফর্টিসের একাদশে ছিলেন আট বিদেশি। তবে সর্বশেষ সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জাতীয় দলের ম্যাচে ছিলেন না ইব্রাহিম। এবার ক্লাবের হয়ে গুরুত্বপূর্ণ গোল করে ফের জাতীয় দলের দরজায় কড়া নাড়ার আত্মবিশ্বাসও প্রকাশ করেছেন তিনি, ‘আমরা প্রতি আক্রমণ নির্ভর খেলেছি। হয় গোল করবো, না হলে করাবো- এমন মন্ত্র ছিল। পা ওমর ভালো অ্যাসিস্ট করায় গোল করতে সুবিধা হয়েছে। আশা করছি, সামনের দিকে আগের মতো পারফরম্যান্স করতে পারবো। আবারও জাতীয় দলে ফিরতে পারবো।’