বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার দুই বছর পেরিয়েছে তাবিথ আউয়ালের। এই সময়ে ফেডারেশনের কার্যক্রমে গতি এসেছে, জাতীয় দলের প্রতি দর্শকদের আগ্রহও বেড়েছে। তবে ঘরোয়া ফুটবলে তেমন গতি বা আকর্ষণ তৈরি হয়নি, বরং মান কমেছে। প্রতিশ্রুতির সবকিছু বাস্তবায়ন করতে পারেননি বলে স্বীকার করছেন তাবিথ। নতুন গঠনতন্ত্র পাস ও জেলা লিগগুলো চালু করতে না পারাকে বড় ব্যর্থতা হিসেবে দেখছেন তিনি। আগামী দুই বছরে শুরু করা কার্যক্রমের ধারাবাহিকতা ও মান ধরে রাখাই তার প্রধান লক্ষ্য। জাতীয় দলের পারফরম্যান্স, কোচ নিয়োগ, ঘরোয়া ফুটবলের অব্যবস্থাপনা, ম্যাচ পাতানো ও বেটিং, আর্থিক স্বচ্ছতা, ফেডারেশনের প্রশাসনিক কার্যক্রম এবং মেয়র নির্বাচনসহ নানা বিষয় নিয়ে বাংলা ট্রিবিউনের সঙ্গে কথা বলেছেন তিনি।
প্রশ্ন: বাফুফে সভাপতি হিসেবে দুই বছর এক মাস হলো। নিজের কাজের মূল্যায়ন কীভাবে করবেন?
তাবিথ আউয়াল: এ সময়ে প্রতিশ্রুতি অনুযায়ী যা করতে চেয়েছি, সব করতে পারিনি। কোনো জায়গায় ব্যর্থ হলে তা স্বীকার করতে লজ্জা বা আপত্তির কিছু নেই। আমাদের দুটি প্রতিশ্রুতি এখনো পূরণ হয়নি। একটি নতুন গঠনতন্ত্র পাস করা। আশা করছি, আগামী ফেব্রুয়ারিতে সেটি করতে পারবো। অন্যটি জেলা লিগগুলোকে চাঙা করা। সেটিও করতে পারিনি। নির্বাচনি ইশতেহারের গুরুত্বপূর্ণ দুটি জায়গায় আমরা ব্যর্থ হয়েছি, এটা স্বীকার করছি।
তবে দ্রুত এই দুটি বিষয়ে কাজ করতে চাই। আগামী দুই বছরের প্রধান লক্ষ্য হবে ধারাবাহিকতা নিশ্চিত করা।
প্রশ্ন: দায়িত্ব নেওয়ার সময় বাফুফের যে অবস্থা দেখেছিলেন, এখন কতটা পরিবর্তন হয়েছে?
তাবিথ আউয়াল: আগের পরিস্থিতি নিয়ে নেতিবাচক মন্তব্য করতে চাই না। আমি নিজেকে নতুন কোচের মতো দেখি। যে দল পেয়েছি, সেটিকে নিয়েই সামনে এগোতে হয়েছে। তবে কিছু বাস্তবতা ছিল। ফেডারেশনের আর্থিক অবস্থা নেতিবাচক ছিল, ফিফার ফান্ডে বিধিনিষেধ ছিল। সেটি প্রত্যাহার হয়েছে। জাতীয় দলের খেলা দেখতে দর্শকদের আগ্রহ কমে গিয়েছিল, মানবসম্পদেও ঘাটতি ছিল। এসব জায়গায় দ্রুত কাজ করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছি।
প্রশ্ন: ফেডারেশনের অনেক কাজেই আপনাকে সরাসরি যুক্ত থাকতে দেখা যায়। সময়ও দিতে হচ্ছে অনেক। এর কারণ কি ব্যবস্থাপনার দক্ষতার ঘাটতি?
তাবিথ আউয়াল: আমার ভিশন ও উচ্চাকাঙ্ক্ষা ফেডারেশনের বর্তমান ব্যবস্থাপনা এবং অনেক নির্বাহী সদস্যের প্রত্যাশার চেয়ে বেশি। তবে সমস্যাটা শুধু দক্ষতার নয়, সংস্কৃতিরও। ফেডারেশনে এখনো অনেক আলোচনা ও সিদ্ধান্ত হয়, যেগুলোর সঙ্গে সরাসরি ফুটবলের সম্পর্ক নেই। ব্যক্তিগত স্বার্থও কখনো কখনো প্রাধান্য পায়। আমি যে সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চাই, সেটি হলো ফুটবলাররা আগে, আমরা পরে। যত দিন এই সংস্কৃতি প্রতিষ্ঠা করতে না পারবো, তত দিন আমাকে বাড়তি চাপ নিতে হবে।
প্রশ্ন: ফুটবলের গুরুত্বপূর্ণ পদ টেকনিক্যাল ডিরেক্টর ও সাধারণ সম্পাদক। আর্থিক ব্যয়ের দিকে তাকিয়ে তাদের কাজের মান নিয়ে প্রশ্ন আছে। ভিয়েতনাম ও কম্বোডিয়া জাপানি টেকনিক্যাল ডিরেক্টর নিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা কেন যোগ্য দেশি কিংবা বিদেশি টেকনিক্যাল ডিরেক্টর নিয়োগ দিতে পারছি না? কিংবা একজন সাধারণ সম্পাদক?
তাবিথ আউয়াল: এই মুহূর্তে বিদেশি টেকনিক্যাল ডিরেক্টর নিয়োগের বিষয়ে আমার কাছে খুব জোরালো কোনো উত্তর নেই। তবে আমার ব্যক্তিগত চিন্তা হলো, টেকনিক্যাল ডিরেক্টর বাংলাদেশি হওয়া ভালো। দেশে সংশ্লিষ্ট জায়গায় যোগাযোগের জন্যও এটি প্রয়োজন।
ঘাটতি রয়েছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। সংগঠনের প্রধান হিসেবে আমার দায়িত্ব তাদের দক্ষতা বৃদ্ধির সুযোগ দেওয়া। সেটা না হলে একপর্যায়ে গিয়ে সিদ্ধান্ত নিতে হবে। তবে আরেকটি বিষয়ও বুঝতে হবে। এটা আমার ব্যক্তিগত প্রতিষ্ঠান নয়। ফুটবল ফেডারেশন অনেকটা আধা সরকারি ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ফিফা-এএফসির গাইডলাইন অনুযায়ী চলতে হয়, পাশাপাশি সরকারের নির্দেশনাও থাকে। এরপর নির্বাহী কমিটির মতামতের বিষয়ও রয়েছে।
আরেকটি বিষয় বিবেচনা করা দরকার। আপাতদৃষ্টিতে স্টাফদের অনেকের বেতনের সঙ্গে তাদের কাজের মান ও অভিজ্ঞতার তারতম্য থাকতে পারে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, অনেক দিন তারা শুক্র-শনিবারের ছুটিও পান না। আবার অনেক সময় রাত ১২টা পর্যন্ত কাজ করতে হয়, কখনো ভোরেও কাজ থাকে। এখন ফিক্সিংয়ের অভিযোগ আসছে, এসব বিষয় নিয়েও অনেক সময় কাজ করতে হয়।
প্রশ্ন: ঘরোয়া ফুটবলে ম্যাচ পাতানো ও বেটিং নিয়ে এবার ব্যাপক অভিযোগ উঠেছে। বাফুফে কী ব্যবস্থা নিচ্ছে?
তাবিথ আউয়াল: লিগ চালু রাখতে আমরা এবার তিনটি দলকে অন্তর্ভুক্ত করেছিলাম। তখন ওই দলগুলোর ফিফার নিবন্ধনসংক্রান্ত নিষেধাজ্ঞা ছিল। ১০টি দল নিয়ে লিগ শুরু করার বাধ্যবাধকতা থাকায় আমাদের আপস করতে হয়েছে। এতে খেলার মানের কিছুটা ক্ষতি হয়েছে। তবে লিগ চালু রাখাই ছিল প্রধান লক্ষ্য।
বেটিং ও ম্যাচ পাতানোর বিরুদ্ধে আমরা এএফসি এবং আন্তর্জাতিক কয়েকটি সংস্থার সহযোগিতা নিয়েছি। এ বিষয়ে প্রযুক্তিগত প্রশিক্ষণও চলছে। আমাদের কিছু গোপন পর্যবেক্ষক বিভিন্ন ক্লাব, ম্যাচ, স্টেডিয়াম ও খেলোয়াড়দের কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। তাদের কাছ থেকে প্রমাণসহ কিছু প্রতিবেদনও পেতে শুরু করেছি। যথাসময়ে ব্যবস্থা নেওয়া হবে।
কোনো অনিয়ম প্রমাণিত হলে বাফুফে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে। এরই মধ্যে একজন গোলরক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং সাময়িক বরখাস্ত করা হয়েছে। অচিরেই আরও কিছু পদক্ষেপের কথা জানতে পারবেন। তবে এটি শুধু ফেডারেশনের একার দায়িত্ব নয়। ফুটবলসংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।
প্রশ্ন: রেফারি ও ম্যাচ কমিশনারদের প্রতিবেদনেও অনিয়মের বিষয়গুলো অনেক সময় উঠে আসে না। তাদেরও কি জবাবদিহির আওতায় আনা হবে?
তাবিথ আউয়াল: অভিযোগ পাওয়ার পর রেফারির প্রতিবেদন ও ম্যাচ কমিশনারের প্রতিবেদন খতিয়ে দেখেছি। অনেক ক্ষেত্রেই অভিযোগের সঙ্গে প্রতিবেদনের মিল পাওয়া যায়নি। অথচ অনিয়ম শনাক্ত করার ক্ষেত্রে তাদের প্রতিবেদনই প্রথম গুরুত্বপূর্ণ দলিল।
তারা বাফুফে থেকে পারিশ্রমিক পান। ভবিষ্যতে কোনো ম্যাচে অনিয়ম পাওয়া গেলে রেফারি কিংবা ম্যাচ কমিশনারের প্রতিবেদনে সেটি উল্লেখ না থাকলে তাদেরও সমানভাবে জবাবদিহির আওতায় আনার বিষয়টি বিবেচনা করছি।
আপনাদের কাছে আমার একটা প্রশ্ন- ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে এটি রোধ করার একক দায়িত্ব কি আমার? ফুটবল রক্ষায় পুরো ফুটবল কমিউনিটির এগিয়ে আসা উচিত। সবাইকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।
প্রশ্ন: যুব দলের কোচ নিয়োগ নিয়ে একের পর এক বিতর্ক হয়েছে। জনশ্রুতি আছে, সভার আগেই কোচ চূড়ান্ত হয়ে থাকেন। সভায় শুধু অনুমোদন হয়! নিয়োগপ্রক্রিয়া নিয়ে আপনি কি সন্তুষ্ট?
তাবিথ আউয়াল: না, সাম্প্রতিক সময়ে যুব দলের কোচ নিয়োগপ্রক্রিয়া নিয়ে আমি সন্তুষ্ট নই। নিয়োগের সমস্যার কারণে ফলাফলও সমস্যাপূর্ণ হয়েছে। কিছু জায়গায় আমাদের হার মানতে হয়েছে, বিব্রত হতে হয়েছে। এটিও আমার জন্য বড় শিক্ষা।
কোচ নিয়োগের ক্ষেত্রে আরও গভীরভাবে চিন্তা করতে হবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া কাউকে চুক্তিবদ্ধ করা উচিত হবে না। দীর্ঘ মেয়াদে তিনি কী দিতে পারবেন, সেটি বিবেচনা করতে হবে।
প্রশ্ন: জাতীয় দলে হামজা চৌধুরী, শমিত সোমসহ প্রবাসী ফুটবলাররা যোগ দিয়েছেন। তারপরও র্যাঙ্কিংয়ে আপনার সময়ে মাত্র তিন ধাপ, ১৮৫ থেকে ১৮২-তে উন্নতি হয়েছে!
তাবিথ আউয়াল: শুধু ভালো খেলোয়াড় এলেই হবে না, দল হিসেবে খেলতে হবে। প্রবাসী ও স্থানীয় ফুটবলারদের মধ্যে এখনো প্রত্যাশিত বন্ধন তৈরি হয়নি। মাঠে এর প্রভাব দেখা যায়। অনেক সময় পাস দেওয়ার ক্ষেত্রে, পজিশন নেওয়ার ক্ষেত্রে কিংবা একে অপরের ওপর আস্থার জায়গায় ঘাটতি থাকে।
যেমন হামজা বল পেলেও সতীর্থরা অনেক সময় সামনে এগিয়ে যায় না। তাদের মধ্যে এখনো সেই বিশ্বাস তৈরি হয়নি যে হামজা বল নিয়ে আক্রমণ শুরু করতে পারবে। একইভাবে পেছন থেকে খেলা গড়ে তোলার ক্ষেত্রেও আত্মবিশ্বাসের অভাব রয়েছে। এসব দূর করতে সময় ও দলগত অনুশীলন প্রয়োজন।
আমাদের সাম্প্রতিক সময়ে পাঁচটি ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়েছে। এর মধ্যে নতুন কয়েকজন প্রবাসী ফুটবলার অভিষেক করেছেন। তাই অল্প সময়ের মধ্যে সবকিছু বিচার করা ঠিক হবে না। তবে গোল করার জায়গায় আমাদের ঘাটতি আছে। খেলা তৈরি হচ্ছে, আক্রমণ হচ্ছে, কিন্তু সুযোগ কাজে লাগাতে পারছি না।
প্রশ্ন: তাহলে আগামী দুই বছরে র্যাঙ্কিং কতদূর নিতে চান?
তাবিথ আউয়াল: র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগোতে আমাদের ৩২ পয়েন্ট যোগ করতে হয়েছে। পেছনের দিকে থাকা দলগুলোর জন্য র্যাঙ্কিংয়ে উন্নতি করা কঠিন। কারণ প্রতিটি ধাপের মধ্যে পয়েন্টের ব্যবধান অনেক।
আমাদের লক্ষ্য আগামী দুই বছরের মধ্যে ১৬০তম স্থানে পৌঁছানো। সেটি করতে পারলে মনে করবো, আমরা সঠিক পথে এগোচ্ছি। এর চেয়ে ভালো হলে অবশ্যই আনন্দের বিষয়। কিন্তু লক্ষ্যে পৌঁছাতে না পারলে ব্যর্থতার দায় এড়ানোর সুযোগ থাকবে না।
প্রশ্ন: সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের কাছে হারের পরও কোচ টমাস ডুলির ওপর আস্থা রাখছে বাফুফে। তার কাজ নিয়ে সমালোচনা হচ্ছে। অনেকে বলছেন, আমেরিকান-জার্মান কোচ পুরোনো ধ্যানধারণায় বিশ্বাসী!
তাবিথ আউয়াল: বাফুফে সব সময় দায়িত্বে থাকা কোচ ও খেলোয়াড়দের ওপর আস্থা রাখে। তবে ফুটবল ম্যাচভিত্তিক খেলা। কোনো কোচ, খেলোয়াড় কিংবা ব্যবস্থাপনার ক্ষেত্রে আরও ভালো বিকল্প পেলে আমরা অবশ্যই বিবেচনা করবো।
ডুলিকে নিয়োগের ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট প্রক্রিয়া ও কিছু মানদণ্ড ছিল। সেই প্রক্রিয়ার মাধ্যমেই আমরা কোচ নির্বাচন করেছি। এখন কোচ ও ব্যবস্থাপনার সঙ্গে আলোচনা করছি, কোথায় সমস্যা এবং কোথায় উন্নতির প্রয়োজন। কিছু বিষয় আছে, যেগুলো আর মেনে নেওয়া সম্ভব নয়। প্রয়োজনে পরিবর্তন আনবো। তবে দীর্ঘমেয়াদি লক্ষ্য থেকে সরে আসবো না।
আগের কোচের সময় বাংলাদেশ দল তুলনামূলকভাবে গুছিয়ে খেলত। বর্তমান দল বেশি আক্রমণাত্মক এবং শারীরিক শক্তিনির্ভর ফুটবল খেলছে। কোন পদ্ধতি বাংলাদেশের জন্য বেশি কার্যকর, সেটি আমাদের বুঝতে হবে। লক্ষ্য হচ্ছে দলকে একটি অবস্থানে দাঁড় করানো, র্যাঙ্কিং উন্নত করা এবং ধারাবাহিকভাবে ভালো খেলা। এছাড়া সাফে পাকিস্তানের কাছে একটি ভুল থেকে হওয়া গোলে না হারলে হয়তো এত প্রশ্ন উঠত না।
প্রশ্ন: জাতীয় দল নিয়ে বেশি ব্যস্ততার কারণে ঘরোয়া ফুটবল ও তৃণমূল পর্যায়ে কি মনোযোগ কমে যাচ্ছে?
তাবিথ আউয়াল: বাফুফের মনোযোগ সব জায়গায় আছে। তবে আমাদের জনবল ও অর্থনৈতিক সক্ষমতা সীমিত। ফলে সব জায়গায় একসঙ্গে কাজের গতি বাড়ানো কঠিন হচ্ছে। জেলা লিগগুলো আয়োজন করতে না পারাকে আমি আমাদের বড় ব্যর্থতা হিসেবে স্বীকার করছি।
তবে শুধু কমিটি নেই বলে কাজ হচ্ছে না, বিষয়টি এমন নয়। অনেক কাজ কমিটির বাইরেও হচ্ছে। আবার বাংলাদেশ ফুটবল লিগ আয়োজন করতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। প্রথমে ক্লাবগুলো খেলতে চায়নি, ভেন্যু নিয়েও সমস্যা হয়েছে। কুমিল্লা থেকে সরে আসতে হয়েছে, পরে গোপালগঞ্জের ভেন্যুও বন্ধ করতে হয়েছে।
স্টেডিয়ামের মাঠ, ড্রেসিংরুম ও অন্যান্য সুযোগ-সুবিধার দায়িত্ব সব সময় বাফুফের হাতে থাকে না। জেলা ক্রীড়া সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরও দায়িত্ব রয়েছে। তবে এসব সীমাবদ্ধতার অজুহাতে আমরা কাজ বন্ধ রাখবো না।
প্রশ্ন: লিগের মাঠ ও ভেন্যুর মান নিয়ে নিয়মিত অভিযোগ উঠছে। এক্ষেত্রে বাফুফের কমিটিগুলোর ভূমিকা কী?
তাবিথ আউয়াল: মাঠের সমস্যা আছে, এটি অস্বীকার করার উপায় নেই। বাফুফের বাইরে থাকা স্টেডিয়ামগুলোর সবকিছু আমাদের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
তবে এ বিষয়ে আমি একটি নির্দেশনা দিয়েছি। ডিসেম্বর থেকে বাফুফের নির্বাহী কমিটির সদস্য ও ব্যবস্থাপনার কর্মকর্তাদের প্রতি মাসে অন্তত একবার কোনো না কোনো মাঠে যেতে হবে। সেটি লিগ, ফেডারেশন কাপ কিংবা জেলা পর্যায়ের খেলা হতে পারে। মাঠে উপস্থিত থাকার একটি সংস্কৃতি তৈরি করতে চাই। এতে মাঠের সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করা সম্ভব হবে।
প্রশ্ন: স্থানীয় কোচদের তৈরি করতে বাফুফে প্রতিবছর লাইসেন্স দিচ্ছে। কিন্তু তাদের কাজের সুযোগ কতটা তৈরি হয়েছে?
তাবিথ আউয়াল: এই জায়গায় আমাদের আরও কাজ করতে হবে। এ, বি ও সি লাইসেন্স পাওয়া কোচদের ফুটবলে সক্রিয় করার বিষয়ে নির্বাহী কমিটি নির্দেশনা দিয়েছে।
তবে কোচদেরও কাজের প্রতি আগ্রহী হতে হবে। অনেক এ লাইসেন্সধারী কোচও কোচিংয়ে যুক্ত নন। কেউ যদি কাজ করতে চান, তাকে আবেদন বা প্রস্তাব নিয়ে আসতে হবে। আবার ফেডারেশনকেও পর্যাপ্ত খেলার আয়োজন করতে হবে, যাতে কোচরা কাজের সুযোগ পান। দুই পক্ষেরই ঘাটতি রয়েছে।
প্রশ্ন: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আপনি আগে দুইবার মেয়র পদে নির্বাচন করেছেন। এবারও আপনি নির্বাচন করবেন। জয়ী হলে বাফুফে সভাপতির দায়িত্ব পালন করা কতটা কঠিন হবে? কিংবা আগামী ফেডারেশন নির্বাচনে বাফুফে সভাপতি পদে প্রার্থী হবেন কি না?
তাবিথ আউয়াল: প্রথমত, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচনের জন্য আমি সম্পূর্ণ প্রস্তুত। আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আমি প্রার্থী হবো, এটা শতভাগ নিশ্চিত। আমি যদি মেয়র নির্বাচিত হই, অঙ্কের হিসাবে হয়তো বাফুফের এক বছর মেয়াদ থাকবে। গত দুই বছর এবং আসন্ন এক বছরে ফেডারেশনের ব্যবস্থাপনা এমনভাবে সাজাতে চাই, যেন শেষ বছর কাজ অনেকটা সহজ হয়।
মেয়র হলে নগর ব্যবস্থাপনা ও রাষ্ট্রের বড় দায়িত্ব তো কম্প্রোমাইজ করতে পারি না। এরপর ফুটবল ফেডারেশনের সঙ্গে হোক কিংবা বেসরকারি খাতেই হোক, আমার সম্পৃক্ততার বিষয়টি ভেবেচিন্তে ঠিক করতে হবে। তবে এখনো ২০২৮ সালের নির্বাচন অনেক দেরি। শুধু আমিই নই, ফেডারেশনের অন্য কেউও বোধহয় নির্বাচন নিয়ে ভাবছে না। আমাদের সবার মনোযোগ এখন ফুটবলকে নিয়েই।
প্রশ্ন: ফুটবল অঙ্গনে গুঞ্জন, সাবেক সভাপতি কাজী সালাউদ্দিনের প্রভাব এখনো ফেডারেশনে বিরাজমান। আপনি কী মনে করেন?
তাবিথ আউয়াল: আমি কোনো মন্তব্যই করবো না। আশা করি, যার যেখানে সমর্থন আছে, তারা বাফুফেকে সমর্থন করবেন।
প্রশ্ন: আপনার ফেডারেশনে বিশেষ করে একজন সহসভাপতি ব্যবসা করে লাভবান হচ্ছেন- এ নিয়ে নির্বাহী কমিটিতে আলোচনা-সমালোচনা কম নয়।
তাবিথ আউয়াল: আমি দেশের ১৩টি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করি। এর মধ্যে একটি ব্যাংকও রয়েছে। আমার অধীন কোনো প্রতিষ্ঠানে আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠেনি। ফেডারেশনে আমি থাকাকালে আর্থিক বিষয়ে কোনো অস্বচ্ছতা নেই। এরপরও যদি কেউ কারও সম্পর্কের কথা বলে থাকেন, সেটা ব্যক্তিগত উদ্দেশ্যেই। কারও কাছে কোনো প্রমাণ থাকলে উপস্থাপন করুন, প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।
এখন ফুটবল ফেডারেশনের ৯৯ শতাংশ লেনদেন চেকের মাধ্যমে হয়। ২০২৪ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর আমাদের পরিষদ থেকে দেড় কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছিলাম। সেই অর্থ আমি সম্পূর্ণভাবে দিয়েছি। যারা অ্যাকাউন্টস নিয়ে কথা বলেন, তাদেরও আর্থিকভাবে এগিয়ে আসা উচিত।
এছাড়া ২০২৪ সালের আগে সামগ্রিক লেনদেনের ৭০ শতাংশের বেশি চেকের মাধ্যমে হতো না। যেটুকু পুরোপুরি চেকের মাধ্যমে হতো, তা ছিল ফিফার ফান্ডের ব্যয়। ফিফার ফান্ড ছাড়াও স্পন্সর ও সরকারের অর্থ রয়েছে। সেগুলোও এখন চেকের মাধ্যমে লেনদেন হয়। আমার হাত দিয়ে এক টাকারও অনিয়মের সুযোগ নেই।
প্রশ্ন: কে স্পোর্টস ও বসুন্ধরার কাছে ফেডারেশনের পাওনা অনেক। সেই পাওনা কি আপনারা আদায় করতে পারবেন? আসলে শেষ পর্যন্ত কী হবে?
তাবিথ আউয়াল: ফুটবল ফেডারেশন কিছু প্রতিষ্ঠানের কাছে পায়, এটি যেমন আলোচনা রয়েছে, তেমনি অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠানও ফেডারেশনের কাছে পাওনা রয়েছে, সেটিও আলোচনা হওয়া প্রয়োজন। কে স্পোর্টস, বসুন্ধরা গ্রুপ, আইএফআইসি ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকের সঙ্গে ফেডারেশনের অমীমাংসিত ইস্যু রয়েছে। টাকার অঙ্কটি আগে দুই পক্ষের নিশ্চিত হতে হবে। এত দিনেও তা হয়নি। আমরা এটি নিয়ে কাজ করছি।
ফেডারেশন যদি কারও কাছে এক পয়সাও পায়, সেটা অবশ্যই আদায় হবে। এই নিশ্চয়তা আমি আপনাদের দিচ্ছি। পাশাপাশি কেউ যদি ফেডারেশনের কাছে পায়, সেটাও পরিশোধ করা উচিত।
প্রশ্ন: ফিফা নির্বাচনে বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে জাপান ও ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতিও প্রার্থী হয়েছেন। ইনফান্তিনোর সঙ্গে বাফুফের ভালো সম্পর্ক। ইতোমধ্যে ফিফার সহায়তায় টেকনিক্যাল সেন্টার চলছে, আরও কয়েকটি প্রকল্প প্রক্রিয়াধীন। আবার জাপান বাংলাদেশকে দীর্ঘদিন ধরে সহায়তা করছে। ফিফা নির্বাচনে বাংলাদেশের ভোট কার বাক্সে পড়বে?
তাবিথ আউয়াল: ফিফা নির্বাচনে বাংলাদেশ উন্মুক্ত রয়েছে। জিয়ান্নি ছাড়া অন্য দুই প্রার্থী এখনো তাদের ভিশন প্রকাশ করেননি। আমরা অপেক্ষায় রয়েছি। তাদের ভিশন দেখার পর সিদ্ধান্ত নেবো।
জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল উন্নয়নের সঙ্গে বর্তমানে সম্পৃক্ত রয়েছেন। জাপান ফুটবল ফেডারেশন ও জাপান সরকার বাংলাদেশের ফুটবলের উন্নয়নের অংশীদার, সেটিও শ্রদ্ধা করি। আবার ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। ফরাশগঞ্জ যে এলাকার নাম, সেটি মূলত ফরাসি কলোনি ছিল। সেই দৃষ্টিকোণ থেকে ফ্রান্সের সঙ্গেও বাংলাদেশের একটি যোগসূত্র আছে।
প্রশ্ন: সম্প্রতি ব্রাজিল ও আর্জেন্টিনার প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছে। বাংলাদেশে বড় কোনো দলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজন এবং সরকারের আমন্ত্রণমূলক টুর্নামেন্ট নিয়ে কী ভাবছেন?
তাবিথ আউয়াল: ব্রাজিলের প্রতিনিধির বার্তা আমাদের বিশ্বাস জুগিয়েছে যে বড় দলের ম্যাচ আয়োজনের সক্ষমতা আমাদের রয়েছে। ২০২৭ সালে আমাদের যে পরিকল্পনা ও সূচি রয়েছে, তাতে এমন কাউকে আমন্ত্রণ জানানো বা ম্যাচ আয়োজন করা বাস্তবিকভাবে সম্ভব নয়। ২০২৮ সালে আমরা বিশ্বকাপে খেলতে পারি কিংবা বড় কোনো দলকে আমন্ত্রণ করতে পারি।
সরকারের টুর্নামেন্ট নিয়ে মাননীয় মন্ত্রীকে আমি বলেছি, ফিফা উইন্ডো ছাড়া বড় কিংবা ভালো দল পাওয়া যায় না। ১৫ ডিসেম্বর আমাদের বিশ্বকাপ বাছাইয়ের ড্র। সেই ড্রয়ের পর মার্চ উইন্ডোর প্রতিপক্ষ নির্ধারিত হবে। জুন উইন্ডোতে এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাই টুর্নামেন্ট রয়েছে। ফিফা উইন্ডোর বাইরে টুর্নামেন্ট আয়োজন করলে অন্য রকম প্রতিপক্ষ পাওয়া যাবে। মন্ত্রী বিষয়টি নিয়ে কাজ করছেন।
প্রশ্ন: কয়েক দিন আগে ফেডারেশনের মাসিক পাঁচ লাখ টাকার চায়ের বিল বন্ধ করেছেন। কেন?
তাবিথ আউয়াল: পাঁচ লাখ টাকার চা মানে মাসে প্রায় ২৫ হাজার কাপ। এত চা কারা পান করেন, সেটি আমার হিসাবের সঙ্গে মেলেনি। তাই বন্ধ করেছি। শুধু চা নয়, গাড়ির তেল, সিএনজি ভাড়া ও ওভারটাইমের হিসাবেও অনিয়ম বা অসংগতি থাকলে ব্যবস্থা নিচ্ছি। প্রতিটি জায়গায় আর্থিক সংস্কার আনার চেষ্টা করছি।
প্রশ্ন: নারী ফুটবলে কোচ নিয়োগ নিয়ে কমিটির চেয়ারম্যানের সঙ্গে আপনার দূরত্ব তৈরি হয়েছে বলে মনে হচ্ছে। কমিটিও গঠন হয়নি এখনো...
তাবিথ আউয়াল: আমি সব ধরনের সমালোচনার জন্য উন্মুক্ত। তবে আমার মনোযোগ ফুটবলের উন্নয়ন থেকে সরবে না। নারী দলের সামনে এখন গুরুত্বপূর্ণ কাজ হলো অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগ এবং সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য খেলোয়াড়দের প্রস্তুত রাখা। মেয়েরা যেন মানসিকভাবে শক্ত থাকে এবং ভালো ফল নিয়ে ফিরতে পারে, সেটিই এখন জরুরি।
নারী উইংয়ের কার্যক্রম চলমান রয়েছে। পাইওনিয়ার লিগের জন্যও একটি ওয়ার্কিং কমিটি আছে। লিগ শুরু হলে কমিটির কার্যক্রম আরও স্পষ্ট হবে। কারও সঙ্গে সমস্যা কিংবা দূরত্ব হয়নি। সবাই মিলে কাজ করছি।
প্রশ্ন: নতুন গঠনতন্ত্র কবে পাস হবে? কমিটি ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশন নিয়েও পরিবর্তন আসবে কি?
তাবিথ আউয়াল: নতুন গঠনতন্ত্রের খসড়া প্রায় চূড়ান্ত পর্যায়ে। আমরা প্রথম বছরেই এটি পাস করতে চেয়েছিলাম, কিন্তু সেটি সম্ভব হয়নি। গঠনতন্ত্র পাস হলে কমিটিগুলোর যোগ্যতা ও সদস্য হওয়ার শর্তসহ বিভিন্ন বিষয় নতুনভাবে নির্ধারিত হবে। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর ক্ষেত্রেও নির্বাচন বা অ্যাডহক কমিটি গঠনের প্রক্রিয়া আসবে।
আশা করছি, ফেব্রুয়ারির কংগ্রেসে এটি পাস করাতে পারবো।
প্রশ্ন: আগামী এএফসি নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা আছে?
তাবিথ আউয়াল: এএফসির নির্বাচন হবে ২০২৮ সালের মার্চে। এখনো অনেক সময় বাকি। তার আগে ফিফার নির্বাচন কীভাবে হয়, সেটি দেখতে চাই। বাংলাদেশের ফুটবলের অবস্থান এবং আমার নিজের দায়িত্বের বিষয়গুলোও বিবেচনায় থাকবে। একসঙ্গে সবকিছু না ভেবে ধাপে ধাপে এগোতে চাই।
প্রশ্ন: বাফুফের অধীনে বা ফিফার সহায়তায় একাডেমি এখনো হয়নি?
তাবিথ আউয়াল: এ বিষয়ে আমরা ইতোমধ্যে আবেদন করেছি। তবে প্রক্রিয়াগত কারণে সময় লাগছে। ভারত, ভুটান ও বাহরাইন অনেক আগে আবেদন করে ধাপে ধাপে নিজেদের অবকাঠামো তৈরি করেছে। আমাদেরও সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
ফিফার নির্ধারিত কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ২০২৪ সালের কর্মসূচি শেষ হয়েছে। এখন ২০২৫ ও ২০২৬ সালের কর্মসূচি শেষ করতে হবে। এরপর একাডেমির বিষয়ে অগ্রগতি হতে পারে। এক্ষেত্রে আমরা কিছুটা পিছিয়ে আছি।