বিয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই আবারও ফুটবলে ফিরতে হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। পর্তুগিজ মহাতারকার বিয়ের কারণে বাড়তি ছুটি দিয়েছে তার ক্লাব আল-নাসর। ফলে নতুন মৌসুমের শুরুতেই দলের সঙ্গে থাকছেন না তিনি।
সৌদি প্রো লিগের শিরোপা ধরে রাখার মিশনে আল-নাসর প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। আগামী শনিবার আল-ফাতেহর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের নতুন মৌসুম। এর তিন দিন পর কিংস কাপের শেষ ৩২-এর ম্যাচে আল-দিরিয়াহর মুখোমুখি হবে তারা। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে রাজধানী রিয়াদে।
সৌদি সংবাদমাধ্যম আররিয়াদিয়াহ জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপে পর্তুগালের হয়ে দায়িত্ব শেষ করার পর রোনালদোকে অতিরিক্ত ছুটি দিয়েছে আল-নাসর। ফলে দলের প্রাক-মৌসুম প্রস্তুতিতে অংশ নিতে পারেননি তিনি।
এই বাড়তি ছুটির সময়টা অবশ্য বিশেষভাবেই কাটিয়েছেন সিআরসেভেন। দীর্ঘদিনের সঙ্গী আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তিনি।
ছুটি শেষ হওয়ার পরই অনুশীলনে আল-নাসরের সঙ্গে যোগ দেওয়ার কথা রোনালদোর। অর্থাৎ, বিয়ের পর পরই ফের ফুটবলের ব্যস্ততায় ফিরতে প্রস্তুতি নিচ্ছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।