ফুটবল মাঠের মতো ব্যক্তিজীবনেও আলোচনার কেন্দ্রে ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকা দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করেছেন। তবে জমকালো কোনও অনুষ্ঠান নয়। অত্যন্ত গোপনীয়তায় সেরে ফেলেছেন বিয়ের আনুষ্ঠানিকতা।
লিসবনের কাছে নিজেদের বিলাসবহুল নতুন প্রাসাদে অনুষ্ঠিত হয়েছে রোনালদো ও জর্জিনার বিয়ের অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন মাত্র চার জন সাক্ষী এবং তাদের সন্তানরা। তবে সবচেয়ে বড় চমকটি হলো অনুষ্ঠানে ছিলেন না রোনালদোর মা দোলোরেস আভেইরো ও তার তিন ভাইবোন হুগো, এলমা ও কাতিয়া।
গত ১১ আগস্ট দুপুর ১টা ৩০ মিনিটে পর্তুগালের ক্যাসকাইসের অভিজাত কুইন্টা দা মারিনহা এলাকায় রোনালদোর প্রায় ৩০ মিলিয়ন পাউন্ড মূল্যের নতুন বাড়িতে বিয়ের অনুষ্ঠান হয়।
বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন মারিয়া ম্যানুয়েল ফেরেইরা দে কাম্পোস ফোলহাদেলা দে অলিভেইরা। এ জন্য তিনি উত্তর পর্তুগালের পোর্তো থেকে ক্যাসকাইসে যান। অনুষ্ঠানটি ছিল একেবারেই সীমিত পরিসরের।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদনের বরাতে জানা গেছে, রোনালদো ও জর্জিনার বিয়েতে সাক্ষী ছিলেন মাত্র চার জন। তারা হলেন—জর্জিনার বোন ইভানা, রোনালদোর দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু মিগেল পাইশাও এবং স্প্যানিশ দম্পতি হোসে রদ্রিগেজ সাঙ্গিল ও তার স্ত্রী মোনিকা গনজালেস মার্তিনেস।
পর্তুগিজ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হোসে রদ্রিগেজ সাঙ্গিল গয়নার ব্যবসার সঙ্গে যুক্ত।
পরিবারের পক্ষ থেকে উপস্থিতির তালিকা সীমাবদ্ধ ছিল রোনালদো ও জর্জিনার সন্তানদের মধ্যেই। ক্রিস্টিয়ানো জুনিয়র, যমজ ইভা মারিয়া ও মাতেও এবং আলানা ও বেলা।
তবে বিয়েতে উপস্থিত না থাকলেও ছেলের প্রতি নিজের সমর্থন স্পষ্ট করেছেন রোনালদোর মা। বিয়ের ঘোষণা দিয়ে রোনালদোর ইনস্টাগ্রাম পোস্টে তিনি হার্ট ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান।
এদিকে, বিয়ের অনুষ্ঠান ও স্থান নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত ছিল কঠোর গোপনীয়তা। পরে পর্তুগালের একটি সংবাদপত্র বিয়ের নথির একটি কপি প্রকাশ করলে সামনে আসে বেশ কিছু তথ্য। নথি অনুযায়ী, বিয়েটি রোনালদোর নতুন প্রাসাদের ভেতরেই অনুষ্ঠিত হয়েছে।
তবে নথিতে আরও গুরুত্বপূর্ণ একটি তথ্য উঠে এসেছে। রোনালদো ও জর্জিনা বিয়ের আগে সম্পত্তি আলাদা রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এ জন্য তারা বিবাহপূর্ব একটি চুক্তিতে সই করেন ১০ আগস্ট। অর্থাৎ বিয়ের ঠিক একদিন আগে লিসবনের একজন নোটারির সামনে।
বিয়ের নথিতে ৪১ বছর বয়সী রোনালদোর পূর্ণ নাম, জন্মস্থান ও বাবা-মায়ের তথ্য উল্লেখ করা হয়েছে। সেখানে তার প্রয়াত বাবা হোসে দিনিসের নামও রয়েছে। জর্জিনার তথ্যও নথিতে রয়েছে। ৩২ বছর বয়সী জর্জিনা আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে জন্মগ্রহণ করেছেন এবং তার পূর্ণ নাম জর্জিনা লুইজা রদ্রিগেজ হার্নান্দেস। তবে বিয়ের পরও দুজনের নাম অপরিবর্তিত থাকছে। অর্থাৎ, জর্জিনা স্বামীর পারিবারিক নাম গ্রহণ করে নিজের নাম পরিবর্তন করছেন না।