টানা তিন ম্যাচে হার।এর সঙ্গে যোগ হয়েছে লিওনেল মেসির টানা তৃতীয় পেনাল্টি মিসের নজির। শনিবার ন্যাশভিল এসসির মাঠে যেন দুঃস্বপ্নের এক রাত কাটিয়েছে ইন্টার মায়ামি। মেসির পেনাল্টি ঠেকিয়ে দেওয়া ন্যাশভিল শেষ পর্যন্ত মায়ামিকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে।
ম্যাচের ২৩ মিনিটে ১-১ করার দারুণ সুযোগ পেয়েছিলেন মেসি। পেনাল্টি থেকে তার নেওয়া শট ডান দিকে নিচু হয়ে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন ন্যাশভিল গোলরক্ষক ব্রায়ান শোয়াকে। ফিরতি বল জালে পাঠিয়েছিলেন সার্জিও রেগিলন, কিন্তু ভিডিও রিভিউয়ে বক্সে আগেভাগে ঢুকে পড়ার কারণে গোলটি বাতিল হয়।
ইএসপিএন রিসার্চ জানিয়েছে, ২০১৪ সালের পর এই প্রথম টানা তিনটি পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছেন মেসি। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে অস্ট্রিয়া ও শেষ ষোলোতে মিসরের বিপক্ষেও পেনাল্টি থেকে গোল করতে পারেননি তিনি। এমএলএসে সর্বশেষ ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর পেনাল্টি মিস করেছিলেন।
তবে মায়ামিকে ম্যাচে ফিরিয়েছিলেন মেসিই। ১৭ মিনিটে অ্যান্ডি নাহারের গোলে পিছিয়ে পড়ার পর প্রথমার্ধের যোগ করা সময়ে টেলাসকো সেগোভিয়াকে বল বাড়িয়ে দেন তিনি। দুর্দান্ত কারিকুরি দেখিয়ে গোল করেন সেগোভিয়া, সমতায় ফেরে মায়ামি।
কিন্তু দ্বিতীয়ার্ধে আর ম্যাচে ফিরতে পারেনি মায়ামি। বরং ন্যাশভিলের আক্রমণের সামনে ভেঙে পড়ে তাদের রক্ষণ। সাবেক এমএলএসের সেরা খেলোয়াড় হ্যানি মুখতার দুটি গোল করেন। মাঝে স্ট্রাইকার স্যাম সারিজের দারুণ ব্যাকহিল ফিনিশিংয়ে ব্যবধান বাড়ায় ন্যাশভিল।
সারিজের গোলের আগে ফাউল করা হয়েছে দাবি করে রেফারির সঙ্গে তীব্র আপত্তি জানান মেসি। এ ঘটনায় তাকে হলুদ কার্ডও দেখানো হয়। ম্যাচজুড়ে হতাশ মেসির রাতটা যে মোটেও তার পক্ষে ছিল না, সেটি আরও পরিষ্কার হয় শেষ দিকে। একই আক্রমণে তার শট পোস্টে লেগে ফিরে আসে। পরে বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।
ন্যাশভিলের চতুর্থ গোলটিও অনেকটা মায়ামির নিজেদের ভুলে। নিজেদের পেনাল্টি এলাকার অনেক বাইরে এসে বলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান গোলরক্ষক রোকো রিওস নোভো। ন্যাশভিল গোলরক্ষক শোয়াকের লম্বা কিক গিয়ে পড়ে ছুটে আসা মুখতারের সামনে। ফাঁকা পোস্টে বল ঠেলে দিতে খুব বেশি কষ্ট করতে হয়নি তাকে।
লিগে টানা ছয় ম্যাচ অপরাজিত থাকার পর এই ম্যাচে ন্যাশভিলকে হারিয়ে ইস্টার্ন কনফারেন্স ও সাপোর্টার্স শিল্ডের শীর্ষে ওঠার সুযোগ ছিল মায়ামির। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। উল্টো ১৫ ম্যাচ হাতে রেখেই ন্যাশভিল এখন পাঁচ পয়েন্ট এগিয়ে শীর্ষে।
এর আগে এমএলএস ও লিগস কাপের ম্যাচে টানা দুই হারে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিল মায়ামি। তবে সেই দুই ম্যাচে শুরুর একাদশে ছিলেন না মেসি কিংবা লুইস সুয়ারেজ।
বাবা হোর্হে মেসির মৃত্যুর এক সপ্তাহ পর শনিবার প্রথমবারের মতো শুরুর একাদশে ফিরেছিলেন ৩৯ বছর বয়সী মেসি। মন্টেরেরির বিপক্ষে ম্যাচে ছিলেন না। এরপর বুধবার লেওনের বিপক্ষে বেঞ্চ থেকে নেমেছিলেন। অন্যদিকে গত বছরের ফাইনালে ঘটনার জেরে পাওয়া নিষেধাজ্ঞার কারণে পুরো লিগস কাপেই খেলতে পারেননি সুয়ারেজ।
জয়হীন সময় পেছনে ফেলে মায়ামি এবার ঘুরে দাঁড়ানোর অপেক্ষায়। বুধবার ফিলাডেলফিয়া ইউনিয়নের মাঠে নামবে তারা।