নতুন মৌসুমের প্রস্তুতিতে ব্যস্ত রিয়াল মাদ্রিদ। তবে চোটের কারণে এখনও দলের বাইরে ব্রাজিলিয়ান দুই তারকা রদ্রিগো ও এদের মিলিতাও। তাদের সঙ্গে ইনজুরি তালিকায় রয়েছেন ফরাসি ফুলব্যাক ফারলান মেন্ডি।
স্প্যানিশ রেডিও স্টেশন ‘কোপে’-তে রবিবার কথা বলার সময় সাংবাদিক আরাঞ্চা রদ্রিগেজ জানিয়েছেন, গত ১৮ মার্চ থেকে রদ্রিগো লিগামেন্ট ও মেনিস্কাসের চোটে ভুগছেন। তার অনুপস্থিতির সময় ১০ থেকে ১২ মাস হতে পারে। ওই হিসেবে ২০২৭ সালের শুরুতে মাঠে ফিরতে পারেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
রিয়াল মাদ্রিদও এর আগে জানিয়েছিল, ডান পায়ের লিগামেন্ট ও মেনিস্কাসে চোটের কারণে মার্চে রদ্রিগোর সফল অস্ত্রোপচার হয়েছে। এরপর শুরু হয় তার পুনর্বাসন প্রক্রিয়া।
এদিকে এদের মিলিতাও গত ২১ এপ্রিল বাম পায়ের পেশিতে চোট পান। তার মাঠের বাইরে থাকার সময়কাল চার থেকে পাঁচ মাস। ফলে সেপ্টেম্বর কিংবা অক্টোবরের দিকে তাকে মাঠে দেখা যেতে পারে।
আলাভেসের বিপক্ষে চোট পাওয়া মিলিতাওয়ের পরবর্তী পরীক্ষায় একই পেশির টেন্ডন ছিঁড়ে যাওয়ার বিষয়টি ধরা পড়ে। ২৮ এপ্রিল তার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয় এবং এরপর পুনর্বাসন শুরু করেন তিনি।
তবে মিলিতাওয়ের ইনজুরি ইতিহাসের কারণে এবারের চোট নিয়ে উদ্বেগ আরও বেশি। বাইসেপস ফেমোরিসের আগের চোটের কারণে প্রায় চার মাস মাঠের বাইরে থাকার পর এপ্রিলে ফিরেছিলেন তিনি। এর আগে ২০২৪ সাল থেকে দুইবার ক্রুসিয়েট লিগামেন্টেও চোট পেয়েছেন এই ডিফেন্ডার।
রিয়ালের চোটের তালিকায় রয়েছেন ফরাসি ফুলব্যাক ফারলান মেন্ডিও। ডান পায়ের রেক্টাস ফেমোরিস পেশির টেন্ডনে চোট পেয়ে গত মে মাসে তার সফল অস্ত্রোপচার হয়। তার পুনর্বাসনে প্রায় পাঁচ থেকে সাত মাস সময় লাগতে পারে। ওই হিসেবে বছরের শেষ দিকে মাঠে ফিরতে পারেন মেন্ডি।
এ ছাড়া তরুণ মিডফিল্ডার থিয়াগো পিতার্চও চোটের কারণে মাঠের বাইরে। গত ২৬ জুলাই হাঁটুর মিডিয়াল কোল্যাটেরাল লিগামেন্টে চোট পান। তার সুস্থ হতে তিন থেকে চার সপ্তাহ লাগতে পারে। আগস্টের শেষ অথবা সেপ্টেম্বরের শুরুতে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে তার।
অর্থাৎ রদ্রিগো, মিলিতাও ও মেন্ডির ফেরার জন্য রিয়ালকে আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে। নতুন মৌসুমে পূর্ণ শক্তির দল পেতে তাই ধৈর্য ধরতে হচ্ছে কার্লো আনচেলত্তির উত্তরসূরিদের।