ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস ইসলাম গ্রহণের খবর নাকচ করেছেন। তিনি বলেছেন, ইসলাম ধর্মের প্রতি তার ‘সর্বোচ্চ সম্মান’ রয়েছে। তবে মরক্কোর ফুটবল এজেন্ট সোহাইলা এল তাহিরিকে বিয়ের পর তিনি ইসলাম গ্রহণ করেছেন; এমন খবর সত্য নয়।
তুরস্কের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ধর্মীয় বিশ্বাস নিয়ে নানা জল্পনা ছড়িয়ে পড়ার পর সৌদি সংবাদপত্র ওকাজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিষয়টি পরিষ্কার করেন সাবেক রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল তারকা।
কার্লোস ওকাজকে বলেন, ‘ইসলামের প্রতি আমার সর্বোচ্চ সম্মান রয়েছে। আমার স্ত্রীকে নামাজ পড়তে দেখাও চমৎকার লাগে। তবে আমি ইসলাম গ্রহণ করেছি—এমন যে গুজব ছড়িয়েছে, তা সত্য নয়।’
তার এই বক্তব্যের সঙ্গে সাম্প্রতিক সময়ে প্রকাশিত বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনের বিরোধ রয়েছে। ওই প্রতিবেদনগুলোতে দাবি করা হয়েছিল, ৫৩ বছর বয়সী কার্লোস প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের পরিচিত ব্যক্তি শেখ জিহাদ হামাদার সঙ্গে সাক্ষাতের সময় কালেমা শাহাদাৎ পাঠ করে ইসলাম গ্রহণ করেছেন।
বিষয়টি আরও আলোচনায় আসে তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) আইনপ্রণেতা আলি শাহিনের বক্তব্যের পর। ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি কার্লোসের ইসলাম গ্রহণের খবর জানতে পেরেছেন বলে জানান।
শাহিনের ভাষ্য অনুযায়ী, হামাদা তাকে জানিয়েছিলেন, কার্লোস বেশ কিছুদিন ধরেই তার সঙ্গে যোগাযোগ রাখছিলেন। প্রায় চার সপ্তাহ আগে তার সঙ্গে দেখা করে কালেমা শাহাদাৎ পাঠের মাধ্যমে ইসলাম গ্রহণ করেন কার্লোস। পরে সাবেক ব্রাজিল তারকাকে অভিনন্দন জানিয়ে তার ও তার পরিবারের জন্য শান্তি, সুস্বাস্থ্য ও আশীর্বাদ কামনা করেন শাহিন।
এর মধ্যে ইসলামি রীতিতে বিয়ের অনুষ্ঠানের মতো দেখতে কিছু ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে কার্লোসের ইসলাম গ্রহণের জল্পনা আরও জোরালো হয়।
তবে ওকাজকে কার্লোস জানান, দুই পরিবারের ধর্মীয় বিশ্বাসকে সম্মান জানাতেই তিনি ও এল তাহিরি ভিন্ন ধরনের বিয়ের অনুষ্ঠান আয়োজন করেছিলেন। তার পরিবারের সদস্যরা ক্যাথলিক হওয়ায় তাদের জন্য উপযোগী একটি অনুষ্ঠানের পাশাপাশি স্ত্রী ও তাদের মুসলিম বন্ধুদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আরেকটি অনুষ্ঠানও করা হয়।
এল তাহিরির সঙ্গে তার সম্পর্কের শুরু নিয়েও কথা বলেছেন কার্লোস। তিনি জানান, ফুটবল-সংক্রান্ত একটি ব্যবসায়িক বৈঠকে তাদের প্রথম দেখা হয়। এল তাহিরিকে সফল ব্যবসায়ী হিসেবে বর্ণনা করে কার্লোস বলেন, ব্যক্তিগত ও পেশাগতভাবে তারা দুই বছর ধরে একসঙ্গে আছেন।
এল তাহিরি ফিফা অনুমোদিত ফুটবল এজেন্ট। তিনি খেলোয়াড়দের ক্যারিয়ার ও ফুটবল-সংক্রান্ত বিভিন্ন প্রকল্প ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত। চলতি বছরের শুরুতে তাদের সম্পর্কের খবর প্রকাশ্যে আসে। এরপর তাদের বিয়ের আয়োজনের বিভিন্ন ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা লেফট-ব্যাক হিসেবে বিবেচিত রবার্তো কার্লোস। ক্লাব ক্যারিয়ারের সবচেয়ে সফল সময় কাটিয়েছেন রিয়াল মাদ্রিদে। ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।
তুরস্কের ফুটবলের সঙ্গেও তার রয়েছে গভীর সম্পর্ক। ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি দেশটির ক্লাব ফেনারবাহচের হয়ে খেলেছেন।