আসিয়ান কাপ থেকে নাম প্রত্যাহারে আর্থিক শাস্তি? যা জানালো ভারতীয় ফুটবল ফেডারেশন

ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে আসিয়ান কাপ থেকে সরে দাঁড়ানো নিয়ে বিতর্কের মধ্যেই মুখ খুলেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। আসিয়ান কাপ ২০২৬ থেকে ভারতের নাম প্রত্যাহারে কোনো পূর্বনির্ধারিত আর্থিক জরিমানা বা শাস্তি হয়নি বলে দাবি করেছে সংস্থাটি। একই সঙ্গে পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের বিপক্ষে ম্যাচ আয়োজনের সিদ্ধান্তকে ভারতীয় ফুটবলের জন্য ‘ব্যতিক্রমী সুযোগ’ হিসেবে উল্লেখ করেছে তারা।

বুধবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, অক্টোবর মাসে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ব্রাজিলকে আতিথেয়তা দেওয়ার সিদ্ধান্ত যথাযথ প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করেই নেওয়া হয়েছে।

ফেডারেশন বলেছে, ‘আসিয়ান কাপ ২০২৬-এ অংশ না নেওয়ার সিদ্ধান্তের কারণে পূর্বনির্ধারিত কোনো আর্থিক জরিমানা বা শাস্তি হয়েছে- এমন ভুল দাবিকে নিন্দা জানাই।’

একই সঙ্গে নিজেদের আর্থিক কর্মকাণ্ড নিয়ে কোনো প্রমাণ বা নথি ছাড়াই বিভিন্ন যাচাই না করা অঙ্ক ও দাবি জনসমক্ষে ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন।

ভারত গত সপ্তাহে আসিয়ান কাপ থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। এর আগে গত মাসে ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচটি নিশ্চিত হওয়ায় দুটি প্রতিযোগিতার সূচিতে সংঘাত তৈরি হয়। এরপর আঞ্চলিক টুর্নামেন্টের পরিবর্তে ব্রাজিলের বিপক্ষে হাই-প্রোফাইল ম্যাচটিকেই অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় ফুটবল ফেডারেশন।

ফেডারেশনের দাবি, ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি জাতীয় দলের জন্য বড় ধরনের আত্মবিশ্বাস জোগাতে পারে। একই সঙ্গে ভারতীয় ফুটবল ঘিরে দর্শকদের আগ্রহও বাড়বে।

আসিয়ান কাপ থেকে সরে দাঁড়ানোর পর ভারতের আর্থিক ক্ষতি কিংবা সম্ভাব্য জরিমানা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। বিভিন্ন মহলে সম্ভাব্য জরিমানার অঙ্ক নিয়েও আলোচনা শুরু হয়। তবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বলছে, এসব দাবির পেছনে কোনো প্রমাণ নেই।