রোনালদোকে উপেক্ষা করে মেসির কাছে ছুটেছিলেন প্যাট্রিক স্টুয়ার্ট, কেন?

স্পোর্টস ডেস্ক
৩১ অক্টোবর ২০২৬, ০৯:০০ আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৯:০০

হলিউডের বিখ্যাত অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্টের মৃত্যুর পর নতুন করে আলোচনায় এসেছে লিওনেল মেসিকে ঘিরে তার একটি মজার ও আবেগঘন ঘটনা। ফুটবলের দুই মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো ও মেসি একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রোনালদো তাকে চিনলেও স্টুয়ার্টের আগ্রহ ছিল অন্য জায়গায়। স্ত্রীর একটি ইচ্ছা পূরণ করতে তিনি খুঁজছিলেন মেসিকে।

‘স্টার ট্রেক’ ও ‘এক্স-মেন’ সিনেমায় অভিনয়ের জন্য বিশ্বজুড়ে পরিচিত এই অভিনেতা ৮৬ বছর বয়সে বুধবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের নিজ বাড়িতে মারা গেছেন। তার পরিবার জানিয়েছে, আলঝেইমার রোগ ও লুই বডি ডিমেনশিয়ার সঙ্গে সংক্ষিপ্ত কিন্তু আবেগঘন লড়াইয়ের পর তার মৃত্যু হয়েছে।

স্টুয়ার্টের জীবনের নানা স্মৃতির মধ্যে আবারও সামনে এসেছে ২০১৭ সালের ২৩ অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত ফিফা বর্ষসেরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের একটি ঘটনা।

সেদিন সেরা পুরুষ খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। অনুষ্ঠানে সাবেক চেলসি ডিফেন্ডার মার্সেল দেসাইয়ের সঙ্গে মঞ্চে উঠে ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ডও তুলে দিয়েছিলেন স্টুয়ার্ট। তবে অনুষ্ঠানের মূল আকর্ষণ হয়ে উঠেছিল পরবর্তী সময়ে মেসির সঙ্গে তার সাক্ষাৎ।

স্ত্রী সংগীতশিল্পী সানি ওজেলকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে গিয়েছিলেন স্টুয়ার্ট। মেসির প্রতি স্ত্রীর বিশেষ ভালো লাগা ছিল। ফুটবলের প্রতি তার আগ্রহও তৈরি হয়েছিল আর্জেন্টাইন মহাতারকার প্রতি ভালোবাসা থেকে। তাই স্ত্রীর জন্য মেসির সঙ্গে একটি পরিচয় ও ছবি তুলে রাখার সুযোগ তৈরি করতে চেয়েছিলেন অভিনেতা।

মেসির দেখা পেতে স্টুয়ার্টের চেষ্টা 

কিন্তু মেসির কাছে পৌঁছানো সহজ ছিল না। অনুষ্ঠানে নিরাপত্তাব্যবস্থা ছিল বেশ কঠোর। মেসি, রোনালদো ও আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মতো তারকারা উপস্থিত থাকায় তাদের কাছে যাওয়া কঠিন হয়ে পড়েছিল।

তবু হাল ছাড়েননি স্টুয়ার্ট। সামনের সারি ধরে এগিয়ে যেতে থাকেন। কেউ তাকে চিনতে পারেন, সেই আশায় নিজের নাম ধরে ডাকছিলেন। একপর্যায়ে রোনালদো তাকে চিনতে পারেন। পর্তুগিজ তারকার চোখেও পড়েছিলেন স্টুয়ার্ট। কিন্তু অভিনেতার লক্ষ্য তখন মেসি।

মেসিকে অবশ্য তখন দেখতে পাচ্ছিলেন না তিনি। নিজের আসনের আড়ালে ঝুঁকে থাকায় চোখের আড়ালে ছিলেন আর্জেন্টাইন তারকা। তাই মেসির উঠে দাঁড়ানোর অপেক্ষায় থাকেন স্টুয়ার্ট। একসময় মেসি উঠে ঘুরে দাঁড়াতেই মুখোমুখি হন দুজন।

সেই মুহূর্তের স্মৃতিচারণা করে স্টুয়ার্ট বলেছিলেন, ‘আমি তার পেছনে দাঁড়িয়েছিলাম। এরপর তিনি উঠে দাঁড়িয়ে ঘুরতেই আমরা মুখোমুখি হই।’

এরপর মেসিকে উদ্দেশ করে বলেন, ‘সেনর মেসি, প্লিজ, মি এসপোসা’ (মেসি, অনুগ্রহ করে, আমার স্ত্রী)।

স্টুয়ার্টের অনুরোধে মেসি তার স্ত্রীর সঙ্গে হাত মেলান। এরপর দুজনের একটি ছবি তোলার অনুমতি চান অভিনেতা। সেলফি নয়, নিজের হাতে মেসি ও স্ত্রীর পাশাপাশি দাঁড়িয়ে থাকা একটি ছবি তুলেছিলেন তিনি।

তবে গল্পের সবচেয়ে সুন্দর অংশটি তখনও বাকি। মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোও এগিয়ে এসে স্টুয়ার্টের সঙ্গে ছবি তুলতে চান। ফলে স্ত্রীর জন্য মেসির সঙ্গে ছবি তোলার যে স্বপ্ন নিয়ে অনুষ্ঠানে গিয়েছিলেন, সেটি পূর্ণতা পায় আরও একটি বিশেষ মুহূর্তে। 

‘স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন’-এ ক্যাপ্টেন জ্যঁ-লুক পিকার্ড এবং ‘এক্স-ম্যান’ সিরিজে অধ্যাপক চার্লস জেভিয়ারের চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন প্যাট্রিক স্টুয়ার্ট। তবে পর্দার বাইরের এই ছোট্ট ঘটনাটি তাকে ভক্তদের কাছে অন্য এক মানবিক রূপেও তুলে ধরেছে। 

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
অর্থের বিনিময়ে পুরস্কার জিতেছেন রোনালদো! 
রোনালদোর হ্যাটট্রিকে আল খোলুদকে উড়িয়ে দিলো আল নাসর
এক ইউরোর ভোটে মেসিকে হারিয়ে ট্রফি জিতলেন রোনালদো
সর্বশেষ খবর
আরেকটি বিপ্লবের জন্য দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের
আরেকটি বিপ্লবের জন্য দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের
ইতালিজুড়ে বিক্ষোভ-ধর্মঘট, জোড়ালো হচ্ছে আন্দোলন
ইতালিজুড়ে বিক্ষোভ-ধর্মঘট, জোড়ালো হচ্ছে আন্দোলন
এইচএসসির ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে
এইচএসসির ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে
রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের চতুর্থ চালান
রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের চতুর্থ চালান
সর্বাধিক পঠিত
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার
রেলপথে যুক্ত হচ্ছে দুই মহাসাগরীয় করিডর
রেলপথে যুক্ত হচ্ছে দুই মহাসাগরীয় করিডর
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?