স্প্যানিশ লা লিগার উদ্বোধনী ম্যাচে এলচের বিপক্ষে খেলার আগে বার্সেলোনার সমর্থকদের ওপর পুলিশি নির্যাতন ও অতিরিক্ত বলপ্রয়োগের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এস্তাদিও ম্যানুয়েল মার্টিনেজ ভ্যালেরো স্টেডিয়ামের বাইরে আইন প্রয়োগকারী সংস্থার এই আচরণের বিরুদ্ধে চরম ক্ষোভ ও আনুষ্ঠানিক নিন্দা প্রকাশ করেছে বার্সেলোনা।
সোমবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে কাতালান ক্লাবটি এই ঘটনাকে সম্পূর্ণ ‘অযৌক্তিক ও অপ্রয়োজনীয় বলপ্রয়োগ’ বলে অভিহিত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, স্টেডিয়ামের বাইরে উপস্থিত বার্সা সমর্থকদের ওপর পুলিশ সদস্যরা হঠাৎ লাঠিচার্জ শুরু করেন। এর আগেই সমর্থকদের কাছ থেকে কাতালুনিয়ার স্বাধীনতার প্রতীকী পতাকা ‘এস্তেলাদা’ জোরপূর্বক কেড়ে নেওয়া হয়।
ঘটনার প্রতিবাদ জানিয়ে বার্সেলোনা স্পষ্ট করে বলেছে, ‘এস্তেলাদা’ একটি সম্পূর্ণ আইনগতভাবে অনুমোদিত প্রতীক এবং তা বহন করা নাগরিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার অংশ। একে কোনোভাবেই সহিংসতা বা ঘৃণার উসকানি হিসেবে দেখার সুযোগ নেই। একই সঙ্গে এক সমর্থককে পুলিশের যেভাবে আটক করা হয়েছে, তাকে ‘অতিরঞ্জিত ও ভিত্তিহীন’ অ্যাখ্যা দিয়েছে ক্লাবটি।
ঘটনাটির প্রভাব পড়েছে স্পেনের রাজনীতিতেও। কাতালুনিয়ার স্বাধীনতাপন্থি দল ‘জেন্টস’-এর নেতারা এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। দলটির শীর্ষ নেতা কার্লেস পুইগডেমন লাঠিচার্জের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে ক্ষোভ উগড়ে দিয়েছেন। স্প্যানিশ কংগ্রেসে জেন্টস নেত্রী মিরিয়াম নোগুরাস এতে জড়িত পুলিশ সদস্যদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।
বার্সেলোনা ও রাজনৈতিক দল জেন্টস— উভয়পক্ষই ভুক্তভোগী ও আটক হওয়া সমর্থকের পাশে দাঁড়িয়েছে। সমর্থক অধিকার এবং স্বাধীন বাকস্বাধীনতা রক্ষায় ভবিষ্যতে আরও কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছে বার্সেলোনা।