ব্রাজিল-উরুগুয়ের বিপক্ষে খেলবে ভারত, আসছে পানামাও

ভারতের ফুটবলপ্রেমীদের জন্য আসছে স্বপ্নের এক আন্তর্জাতিক সূচি। ফিফার একই উইন্ডোতে বিশ্ব ফুটবলের তিন পরিচিত শক্তি-পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, দুইবারের বিশ্বকাপজয়ী উরুগুয়ে ও বিশ্বকাপ খেলা পানামার বিপক্ষে মাঠে নামবে ভারত। 

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) বৃহস্পতিবার জানিয়েছে, আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে ভারত।

এর মাত্র তিন দিন পর ৬ অক্টোবর একই ভেন্যুতে দুইবারের বিশ্বকাপজয়ী উরুগুয়ের বিপক্ষে খেলবে স্বাগতিকরা। 

ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৩৮ নম্বরে থাকা ভারত এখনও বিশ্বকাপের মূল পর্বে খেলতে পারেনি। তবে দেশটিতে ফুটবলের জনপ্রিয়তা ব্যাপক। বিশেষ করে কলকাতা ও কোচির মতো শহরে ফুটবল ঘিরে সমর্থকদের উন্মাদনা বরাবরই চোখে পড়ার মতো।

ব্রাজিল-উরুগুয়ের আগে ২৬ সেপ্টেম্বর দক্ষিণ ভারতের বেঙ্গালুরুতে পানামার বিপক্ষে মাঠে নামবে ভারত।

এআইএফএফ এক বিবৃতিতে বলেছে, একই ফিফা উইন্ডোতে বিশ্বকাপ খেলা তিন দেশ-পানামা, ব্রাজিল ও উরুগুয়ে-ভারত সফরে আসায় ভারতীয় ফুটবলপ্রেমীরা আন্তর্জাতিক ফুটবলের এক অভূতপূর্ব আয়োজনের সাক্ষী হতে যাচ্ছেন।