দাপট দেখিয়ে আথলেতিক বিলবাওকে হারিয়ে লা লিগায় টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বার্সেলোনা। কাম্প নউয়ে বৃহস্পতিবার রাতে কাতালানরা ২-০ গোলে জিতেছে ম্যাচটি। রাফিনিয়া দলকে এগিয়ে নেন। এরপর ব্যবধান বাড়ান ফের্মিন লোপেস।
ম্যাচে গোল হতে পারতো আরও। আটটি সেভ করে ব্যবধান আরও বড় হতে দেননি ২০২৬ বিশ্বকাপে সেরা গোলকিপারের পুরস্কার জয়ী সিমন।
শুরু থেকে আক্রমণের পসরা মেলে খেলতে থাকে শিরোপাধারীরা।
১৯ মিনিটে ইয়ামালের শট ঝাঁপিয়ে এক হাতে দারুণভাবে ব্যর্থ করে দেন সিমন। এর চার মিনিট পর রাফিনিয়ার চমৎকার হেড পোস্টে লেগে ফিরে আসে।
৩৭ মিনিটে আর হতাশ হতে হয়নি বার্সেলোনাকে। পেদ্রির রক্ষণচেরা পাস ধরে বক্সে ঢুকে আগুয়ান গোলকিপারকে কাটিয়ে ফাঁকা জালে বল পাঠান রাফিনিয়া।
এবারের লিগে দুই ম্যাচে ব্রাজিলিয়ান তারকার গোল হলো তিনটি।
দ্বিতীয় গোল পেতে সময় লাগে ফ্লিকের দলের। ৮২ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। প্রতিপক্ষের কাছ থেকে বল পেয়ে লোপেস ফাঁকা জালে তা জড়িয়ে দেন।দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।