গেটাফেকে হারাতে পারলে বার্সার আরও কাছাকাছি যাবে জিদানের দল। এমন সমীকরণ সামনে রেখে আজ রাত ৮টায় গেটাফের মাঠে খেলতে যাচ্ছে জিনেদিন জিদানের শিষ্যরা। সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে থাকা রিয়াল গত সপ্তাহে ভলফসবুর্গের মাঠে হেরে বসলেও ফিরতি পর্বে রোনালদোর হ্যাটট্রিকে ৩-০ গোলে জিতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠে।
আরও পড়ুন: মুসার হ্যাটট্রিকে সেমির স্বপ্ন জিইয়ে রাখলো মুক্তিযোদ্ধা
শক্তি বা সাম্প্রতিক পারফরম্যান্স, কোনওভাবে রিয়ালের সামনে বড় বাধা হওয়ার কথা নয় লিগে সবশেষ ১২ ম্যাচে জয়শূন্য থাকা গেটাফের। মুখোমুখি লড়াইয়েও একতরফা এগিয়ে রিয়াল। ১৪ বারের দেখায় ১৩টিতেই জিতেছে তারা।
এছাড়া রিয়াল শিবিরে নেই কোনও চোট সমস্যা। দারুণ ছন্দে আছে দলটির ‘বিবিসি’ আক্রমণভাগ। প্রথম পর্বে ঘরের মাঠে গেটাফেকে ৪-১ গোলে হারানোর ম্যাচে জোড়া গোল করেন করিম বেনজেমা আর একটি করে গোল করেন রোনালদো ও বেল। সবকিছু মিলিয়েই তাই এ ম্যাচে রিয়াল সমর্থকেরা সহজ জয়ের প্রত্যাশা করতে পারে।
এখানে রিয়াল জিতলেও পরদিনই অবশ্য ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবে বার্সেলোনা। রবিবার ভালেন্সিয়ার বিপক্ষে ঘরের মাঠে খেলবেন মেসি-নেইমাররা।
/এমআর/