এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের দুঃসময় যেন কাটছেই না। উজবেকিস্তানের পর এবার সিরিয়ার কাছেও অসহায় আত্মসমর্পণ করতে হলো জেরার্ড জোন্সের দলকে। টানা দুই ম্যাচ হেরে এখন মূল পর্বে ওঠার পথ কঠিন হয়ে গেলো বাংলাদেশের।
বৃহস্পতিবার তাসখন্দের দস্তলিক স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। প্রথমার্ধে দুই গোল হজম করা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে আরও একবার গোল হজম করে।
সিরিয়া শুরু থেকে বাংলাদেশের ওপর আধিপত্য করতে থাকে। তবে সুযোগ আসে ১৭ মিনিটে। বাইলাইনের একটু উপর থেকে সতীর্থের কাট ব্যাকে প্লেসিং শট নেন সিরিয়ার মিডফিল্ডার আব্দুল্লাহ আলনাজার। দারুণ ক্ষীপ্রতায় বল কোনোমতো ক্রসবারের ওপর দিয়ে বের করে দেন গোলকিপার রাজ চৌধুরী।
সিরিয়া চাপ ধরে রাখে বাংলাদেশের ওপর। তাদের প্রবল চাপ সামলে আক্রমণে ওঠার তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি বাংলাদেশ। সুযোগ যা তৈরি করে সিরিয়াই। ২৩ মিনিটে আব্দুল্লাহর শট পোস্টের বেশ বাইরে দিয়ে যায়।
ম্যাচের ৩০ মিনিট পার হওয়ার পর সিরিয়ার বক্সে একটু ভীতি ছড়াতে পারে বাংলাদেশ। জয় আহমেদ ফাউলের শিকার হলে ফ্রি কিক পায় তারা। কিন্তু শেখ সংগ্রামের ফ্রি কিক হেড করে কর্নারে রূপান্তর করেন এক ডিফেন্ডার। এই কর্নারের পর সতীর্থের পাসে মাথা ছোঁয়াতে পারেননি বক্সে ভালো জায়গায় থাকা অধিনায়ক আব্দুল রিয়াদ ফাহিম। এরপর আরেকটি কর্নারও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।
৩৮ মিনিটে আব্দুল রিয়াদ ফাহিমের শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। সুযোগ মিসের মহড়ায় ৪৪ মিনিট পিছিয়ে যায় বাংলাদেশ। আব্দুল্লাহ আল নাজারের ব্যাকপাসে বক্সের বাইরে থেকে মাটি কামড়ানো শটে জাল কাঁপান সিরিয়ার মিডফিল্ডার আলান মামো।
যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মারিওসতেলুস আলহেরেক। বাংলাদেশের এক ফুটবলারের ভুলপাসের সুযোগ নিয়ে তা দারুণভাবে কাজে লাগান এই মিডফিল্ডার। তার নিচু শট বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকাতে পারেননি বাংলাদেশ গোলকিপার রাজ চৌধুরী। পরে ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় সিরিয়া।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশের খেলায় কিছুটা গতি ফিরলেও তা সিরিয়াকে চেপে ধরার জন্য যথেষ্ট ছিল না। বরং সিরিয়াই শেষ দিকে আক্রমণাত্মক হয়ে ওঠে আরও।
৭৩ মিনিটে আমের আম্মারের বাঁকানো ফ্রি কিক দারুণ ক্ষীপ্রতায় ঝাঁপিয়ে আটকে ব্যবধান বাড়াতে দেননি রাজ। ৮৫ মিনিটে মামোর শটও ফেরান তিনি।
একটু পর অবশ্য অবিশ্বাস্য এক গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। বক্সের বেশ বাইরে ফ্রি কিক পায় সিরিয়া। আলমেরি আলতো টোকায় ফ্রি কিক নেওয়ার পর আলনাজার নিচু শট নেন। গতিও ছিল না তেমন একটা, কিন্তু বল গড়িয়ে গড়িয়ে চলে যায় জালে।