এক শর্তে রিয়াল মাদ্রিদে ফিরতে চান মদরিচ

রিয়াল মাদ্রিদ ছেড়েছেন এক বছরও হয়নি, এরই মধ্যে পুরোনো ঠিকানায় ফেরার ইচ্ছার কথা জানালেন লুকা মদরিচ। তবে এবার আর খেলোয়াড় হিসেবে নয়। ক্যারিয়ার শেষ করে ক্লাবটির হয়ে অন্য কোনো ভূমিকায় কাজ করতে চান ক্রোয়াট এই কিংবদন্তি।

২০২৫ সালের গ্রীষ্মে ১৩ মৌসুমের সম্পর্ক ছিন্ন করে সান্তিয়াগো বার্নাব্যু ছাড়েন মদরিচ। তখন ২৮টি শিরোপা নিয়ে রিয়াল মাদ্রিদের ইতিহাসের সবচেয়ে সফল খেলোয়াড় ছিলেন তিনি। এর মধ্যে রয়েছে ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।

তবে ৪০ বছর বয়সেও অবসরের কথা ভাবছেন না ২০১৮ সালের ব্যালন ডি’অরজয়ী এই মিডফিল্ডার। রিয়াল ছেড়ে ইতালির ক্লাব এসি মিলানে যোগ দেওয়া মদরিচ এবার ২০২৫-২৬ মৌসুমের সিরি আ টিম অব দ্য ইয়ারেও জায়গা করে নিয়েছেন।

মিলানের সঙ্গে তার চুক্তি আগামী গ্রীষ্ম পর্যন্ত। তখন বয়স ৪২-এর কাছাকাছি চলে যাবে। তবু এখনই বুটজোড়া তুলে রাখার কোনো পরিকল্পনা নেই তার।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে মদরিচ জানিয়েছেন, ফুটবল ক্যারিয়ার শেষ হলে তার ইচ্ছা আবার মাদ্রিদে ফিরে বসবাস করার। শহরটিকে এখনো নিজের ‘বাড়ি’ মনে করেন তিনি।

রিয়াল মাদ্রিদে খেলোয়াড় হিসেবে অধ্যায় শেষ করার পর ক্লাবটির অন্য কোনো ভূমিকায় ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে মদরিচ বলেন, ‘আমি আশা করি। আমি চাইও। সত্যি বলতে, এটা লুকানোর কিছু নেই। মাদ্রিদ আমার বাড়ি। অবশ্যই একদিন ফিরতে চাই। তবে কীভাবে এবং কোন ভূমিকায় ফিরবো, সেটা সময়ই বলবে।’

তবে শুধুই রিয়ালে থাকার জন্য রিয়ালে ফিরতে চান না মদরিচ। তার কাছে গুরুত্বপূর্ণ হলো ফেরার পর যেন ক্লাবের জন্য সত্যিকার অর্থে কিছু করতে পারেন, ‘আমি শুধু ফিরে আসার জন্য ফিরতে চাই না। সেখানে থাকার জন্য থাকা, এটা আমি নই। আমি কাজে লাগতে চাই, রিয়াল মাদ্রিদকে সাহায্য করতে চাই। শুধু সেখানে থাকবো, অথচ কেন আছি সেটাই জানি না। এমনটা চাই না।’