আসন্ন ঘরোয়া ফুটবল মৌসুমের জন্য এরই মধ্যে নিবন্ধন প্রক্রিযা শেষ হয়েছে। ফিফা নিষেধাজ্ঞা কাটিয়ে শেষ পরযন্ত আবাহনী লিমিটেড, বসুন্ধরা কিংস ও ফকিরেরপুল ইয়ংমেন্স খেলোয়াড় নিবন্ধন কার্যক্রম শেষ করেছে। এবার সর্বোচ্চ ১৩ ক্লাব বাংলাদেশ ফুটবল লিগে অংশগ্রহণ করতে যাচ্ছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিদ্ধান্তে এবার প্রায় ১০০ ফুটবলার নতুন করে পেশাদার লিগে খেলার সুযোগ পেয়েছেন। ২০২৬-২৭ মৌসুমে বাংলাদেশ ফুটবল লিগে অংশ নেওয়া ক্লাবের সংখ্যাও গত মৌসুমের ১০ থেকে বেড়ে হয়েছে ১৩টি।
এবার সম্প্রসারিত লিগে যোগ দিয়েছে সদ্য উন্নীত চট্টগ্রাম সিটি এফসি ও ঢাকা সিটি এফসিও। দুই ক্লাবই প্রথমবারের মতো শীর্ষ স্তরে খেলতে যাচ্ছে। এরই মধ্যে তারা প্রতিদ্বন্দ্বিতা করার মতো দলও গড়ে তুলেছে।
প্রতি ক্লাব সর্বোচ্চ ৩৫ জন ফুটবলার নিবন্ধন করাতে পারবে। চট্টগ্রাম সিটি এফসি, ফর্টিজ, ঢাকা আবাহনী, পুলিশ ও রহমতগঞ্জ ছাড়া বাকি ৮ ক্লাব ৩৫ জনই নিবন্ধন করেছে। ২০২৬-২৭ ফুটবল মৌসুমের জন্য দেশি-বিদেশি সব মিলিয়ে নিবন্ধিত ফুটবলারের সংখ্যা ৪৪৫ জন। এর মধ্যে ৪৭ জন বিদেশি ফুটবলার রয়েছেন। তবে দক্ষিণ এশিয়ার যেমন নেপাল, ভুটান ও পাকিস্তানের ১৯ জন ফুটবলার স্থানীয় ফুটবলার কোটাতেই খেলছেন।
জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূইয়া গত দুই মৌসুমের মতো এবারও ব্রাদার্স ইউনিয়নেই খেলছেন। বসুন্ধরা কিংস অনেক চড়াই-উৎরাইয়ের মধ্যে থাকলেও শেষ পর্যন্ত তপু বর্মণ-রাকিব হোসেনের মতো জাতীয় দলের শীর্ষ ফুটবলারদের দলে ভিড়িয়েছে। রবিনহো ও তার স্বদেশি সিরি বি থেকে আসছে একজন নম্বর নাইনও।
আবাহনী লিমিটেড গত মৌসুমের তারকা ফুটবলার শেখ মোরসালিন, মিতুল মারমাদের রাখতে পেরেছে। দলে যোগ হয়েছে চার নাইজেরিয়ান। এর মধ্যে একজন বিশ্বকাপে খেলা খেলোয়াড়ও রয়েছেন। মোহামেডান স্পোর্টিং বসুন্ধরা কিংস থেকে ফয়সাল আহমেদ ফাহিম, আনিসুর রহমান জিকো, সাদ উদ্দিন ফয়সাল আহমেদ ফাহিমকে এনে গত কয়েক মৌসুমের মধ্যে শক্তিশালী দল গঠন করেছে। এছাড়া দিয়াবাতে, সানডে ও মুজাফরভও আছেন।
ফর্টিস এফসিতে চার জাপানি ফুটবলার রয়েছে। এছাড় পা ওমরও আছে। আছে মুরাসের বিপক্ষে গোল করে দলকে জেতানো ইব্রাহিমও। কুয়েতে এএফসি চ্যালেঞ্জ লিগও তাদের বড় লক্ষ্য।
মাত্র দিন তিনেক আগে ফিফা নিষেধাজ্ঞা থেকে মুক্ত হওয়া ফকিরেরপুল ইয়ংমেন্সও চার জন বিদেশি নিবন্ধন করিয়েছে। পুলিশসহ অন্য দলেও আছে বিদেশি খেলোয়াড়।
তবে সমস্যা দেখা দিয়েছে খেলা কবে শুরু তা নিয়ে। বাফুফে ১৮ সেপ্টেম্বর থেকে লিগ শুরু করতে চায়। ফর্টিস ও পুলিশ ছাড়া অন্য কোনও ক্লাবই সেভাবে অনুশীলন শুরু করেনি। আবার ফিফা আসিয়ান কাপের জন্য জাতীয় দল ব্যস্ত থাকবে। সব মিলিয়ে অক্টোবরের আগে লিগ শুরু হওয়া কঠিনই। এ নিয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালসহ লিগ কমিটির কর্তারা সভা করে যাচ্ছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।