বসুন্ধরা কিংসে টানা চার মৌসুম কাটানো ব্রাজিলিয়ান তারকা রবসন রবিনহোকে আবারও ঢাকার মাঠে দেখা যাবে। পুরোনো ক্লাবের হয়ে ফিরছেন ৩১ বছর বয়সী তারকা।
রবসন চার মৌসুমে কিংসের হয়ে মোট ৫৩ ম্যাচে ৩৪ গোল করেছিলেন। কিংস থেকে সাও পাওলোর একুয়া সানতার হয়ে ৬ ম্যাচ খেলেছেন তিনি। সেখান থেকে ভারতের মোহনবাগানে নাম লিখিয়ে দারুণ পারফরম্যান্স দেখান। ১১ ম্যাচে গোল ছিল তার তিনটি।
বর্তমানে কয়েক মাস ধরে খেলার বাইরে আছেন ব্রাজিলিয়ান তারকা। রবসন ছাড়াও কেপ ভার্দের একজন ফুটবলারকে আনার চেষ্টা করছে কিংস। বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘রবসনকে আবারও আমরা আনছি। চুক্তিও হয়ে গেছে। এর আগে আবাহনীতে খেলা এমেকা ওগবাগ নিশ্চিত হয়েছ। কেপ ভার্দের ফুটবলারকে চেষ্টা করা হচ্ছে। চতুর্থ বিদেশি ফুটবলারও আমরা নিবো।’
ফিফা নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর কিংস স্থানীয় খেলোয়াড়দের পাশাপাশি বিদেশি সংগ্রহে জোর দিয়ে শক্তিশালী দল গঠন করার দিকে এগুচ্ছে।








