জার্সি উন্মোচনের আগেই শুরু হয়ে গিয়েছিল অপেক্ষা। নকশা নিয়ে কৌতূহল, দাম নিয়ে আলোচনা; সব মিলিয়ে নতুন বাংলাদেশ জাতীয় দলের জার্সি ঘিরে তৈরি হয়েছিল আলাদা আগ্রহ। অবশেষে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উন্মোচন হয়েছে জার্সি। আর উন্মোচনের পরই সামনে এলো দাম ও বিক্রির বড় পরিকল্পনা।
বাংলাদেশ জাতীয় দলের নতুন অফিসিয়াল জার্সির দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬০০ টাকা। আর খেলোয়াড়ের নাম ও নম্বরসহ জার্সির দাম হবে ১ হাজার ৭০০ টাকা। বিষয়টি জানিয়েছেন জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান দৌড়-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবিদ আলম।
গত মাসেই নতুন জার্সি উন্মোচনের কথা ছিল। তবে নানা কারণে তা পিছিয়ে যায়। শেষ পর্যন্ত মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের উপস্থিতিতে উন্মোচন করা হয় নতুন হোম ও অ্যাওয়ে কিট।
জার্সি উন্মোচনের পর আবিদ বলেন, নতুন জার্সির দাম আগের তুলনায় বেশি হওয়ার পেছনে রয়েছে উন্নতমানের কাপড়ের ব্যবহার। পাশাপাশি উৎপাদন, বিপণন ও বিতরণে উল্লেখযোগ্য খরচও রয়েছে।
দাম নিয়ে প্রশ্নের জবাবে আবিদ বলেন, ‘আমার মনে হয় না এটা খুব বেশি দাম। আন্তর্জাতিক বাজারের তুলনায়ও এটি প্রতিযোগিতামূলক।’
আবিদ দাবি করেছেন, তার জানা মতে নতুন বাংলাদেশ জার্সিই বিশ্বের সবচেয়ে কম দামের জাতীয় দলের জার্সি।
তবে যেসব সমর্থক তুলনামূলক কম দামে জার্সি কিনতে চান, তাদের জন্য থাকছে ফ্যান এডিশন। এর দাম নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা, যা আগের সংস্করণের সমান। তবে ভবিষ্যতে সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত দাম বাড়তে পারে বলে জানিয়েছেন আবিদ।
নতুন জার্সি শুধু অনলাইনেই বিক্রি করা হবে না। দেশের বিভিন্ন ফিজিক্যাল আউটলেটের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও জার্সি পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে দৌড়ের।