হামজার সঙ্গে খেলবেন, গোল করবেন: বড় স্বপ্ন মাহির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২৬, ১৮:২৯ আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ১৮:৩৭

ছোটবেলা থেকে লেস্টার সিটিতে হামজা চৌধুরীর খেলা দেখেছেন। সেই হামজার সঙ্গেই এবার একই দলের জার্সিতে মাঠে নামার স্বপ্ন দেখছেন মাহি খান। শুধু প্রিয় তারকার সঙ্গে খেলার রোমাঞ্চ নয়, ১৮ বছর বয়সী এই তরুণ ফরোয়ার্ডের চোখ গোলেও। জাতীয় দলের ক্যাম্পে কঠোর পরিশ্রম করে একাদশে জায়গা করে নিতে চান। সুযোগ পেলে গোল করে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে শিরোপা জেতাতে চান তিনি।

প্রথমবার জাতীয় সিনিয়র দলের ক্যাম্পে ডাক পাওয়াটা মাহির জন্য গর্ব ও আনন্দের। এই সুযোগকে কাজে লাগিয়ে নিজের সামর্থ্য প্রমাণ করতে চান তরুণ ফরোয়ার্ড। মাহি বলেন, ‘আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত। মাত্র ১৮ বছর বয়সে প্রথমবারের মতো জাতীয় সিনিয়র দলের ক্যাম্পে ডাক পেয়েছি। এতে আমি নিজে যেমন গর্ববোধ করছি, তেমনি আমার পরিবারের সবাই ভীষণ খুশি। এখন আমাদের কঠোর পরিশ্রম করার সময় এবং ইনশাআল্লাহ আমরা সাফ শিরোপাও জিতবো।’

ফরোয়ার্ড হিসেবে গোল করার ব্যাপারেও আত্মবিশ্বাসী মাহি। জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার আগে থেকেই ব্যক্তিগতভাবে কঠোর পরিশ্রম করেছেন বলে জানান তিনি। তার ভাষায়, ‘আমি পুরোপুরি আত্মবিশ্বাসী। এখানে ক্যাম্পে আসার আগেও ব্যক্তিগতভাবে অনেক কঠোর পরিশ্রম করেছি। তাই ইনশাআল্লাহ আমি গোল করতে পারব। কোচ আমার কাছে কী প্রত্যাশা করছেন, তা আমি স্পষ্ট জানি। মাঠে কোচের পরিকল্পনা শতভাগ বাস্তবায়ন করার চেষ্টা করব এবং আশা করি গোল পাবো।’

সম্প্রতি উজবেকিস্তানে অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলার অভিজ্ঞতাও কাজে লাগাতে চান মাহি। সেই সফরে প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারলেও টুর্নামেন্ট থেকে অনেক কিছু শেখার সুযোগ হয়েছে বলে মনে করেন তিনি। মাহি বলেন, ‘উজবেকিস্তানের সফরটা আমাদের জন্য কিছুটা কঠিন ছিল। আমরা হয়তো আশানুরূপ খেলতে পারিনি, দল কিছুটা নার্ভাস ছিল। তবে ওই টুর্নামেন্ট থেকে দারুণ অভিজ্ঞতা হয়েছে। সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সিনিয়র দলের হয়ে কাজে লাগাতে চাই। ইনশাআল্লাহ এবার আমরা ভালো খেলবো।’

জাতীয় দলে ‘নম্বর নাইন’ বা মূল স্ট্রাইকার হিসেবে খেলার চাপ থাকলেও তা নিয়ে খুব একটা চিন্তিত নন মাহি। তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাঠে নেমে নিজের সেরাটা দেওয়া। তিনি বলেন, ‘কিছুটা চাপ তো থাকবেই। তবে আমার একমাত্র লক্ষ্য মাঠে নেমে নিজের সেরাটা দেওয়া। নিজের ওপর এবং নিজের সামর্থ্যের ওপর আমার পুরো আস্থা আছে, তাই খুব একটা নার্ভাস নই। একাদশে সুযোগ পেলে সেরা পারফরম্যান্সটাই উপহার দিতে চাই।’

হাতের চোট নিয়েও একটা সময় শঙ্কা ছিল। তবে এখন পুরোপুরি সুস্থ বলে জানিয়েছেন মাহি। ইংল্যান্ডে ফিরে চিকিৎসকের কাছে পরীক্ষা করানোর পর ম্যাচও খেলেছেন, তাতে কোনও সমস্যা হয়নি। তিনি বলেন, ‘আমার হাত এখন পুরোপুরি ঠিক আছে। ইংল্যান্ডে ফিরে গিয়ে চেকআপ করিয়েছি এবং ম্যাচও খেলেছি, কোনও সমস্যা হয়নি। আমি এখন শতভাগ ফিট। অনুশীলনে নিজের সেরাটা দিতে পারলে আশা করি একাদশের মূল স্ট্রাইকার পজিশনটি পেয়ে যাবো।’

তবে মাহির কাছে জাতীয় দলে ডাক পাওয়ার আনন্দের পাশাপাশি বড় আকর্ষণ হামজা চৌধুরীর সঙ্গে একই ড্রেসিংরুম ভাগ করে নেওয়ার সম্ভাবনা। ছোটবেলা থেকেই লেস্টার সিটিতে হামজার খেলা দেখে বড় হয়েছেন তিনি। এবার সেই খেলোয়াড়ের সঙ্গে একই দলে খেলার সুযোগকে বিশাল সম্মান হিসেবে দেখছেন তরুণ ফরোয়ার্ড।

মাহি বলেন, ‘আমি ভীষণ রোমাঞ্চিত। ছোটবেলা থেকেই লেস্টার সিটিতে হামজার খেলা দেখে আসছি, কারণ লেস্টার আমাদের বাসার কাছেই। সেই ছোটবেলা থেকে যাকে দেখে বড় হয়েছি, এখন তার সঙ্গে একই দলে খেলার সুযোগ এসেছে, এটি আমার জন্য বিশাল এক সম্মানের ব্যাপার। তিনি শীর্ষ পর্যায়ের ফুটবলে খেলেছেন এবং তাঁর প্রচুর অভিজ্ঞতা রয়েছে। তার কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ পাব, তাই আমি দারুণ রোমাঞ্চিত।’

 

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সাফে বাফুফের কর্মকর্তা ‘প্রীতি’!
সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে হামজা-ফারহানকে পাচ্ছে না বাংলাদেশ
ভুটান থেকে ঢাকায় এসে কী বললেন ফিফা সভাপতি 
সর্বশেষ খবর
আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: মন্ত্রী
আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: মন্ত্রী
গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৪ ইউনিট
গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৪ ইউনিট
জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংক পেলো নতুন এমডি
জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংক পেলো নতুন এমডি
আইজিপির ক্রসফায়ার মন্তব্যে উদ্বেগ প্রকাশ করে স্পষ্ট ব্যাখ্যা দাবি করলো আসক
আইজিপির ক্রসফায়ার মন্তব্যে উদ্বেগ প্রকাশ করে স্পষ্ট ব্যাখ্যা দাবি করলো আসক
সর্বাধিক পঠিত
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি