একজন ফুটবলের জীবন্ত কিংবদন্তি, আরকজনের গোলমেশিন হিসেবে খ্যাতি বিশ্বজুড়ে। এবার একই মাঠে মুখোমুখি লিওনেল মেসি ও রবার্ট লেভানডোভস্কি। মেজর লিগ সকারে কাল হতে যাচ্ছে দুই মহাতারকার বহুল প্রতীক্ষিত দ্বৈরথ। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় শিকাগো ফায়ারের মাঠে মুখোমুখি হবে ইন্টার মায়ামি ও স্বাগতিক শিকাগো ফায়ার।
টানা দুর্দান্ত পারফরম্যান্স করে চলা মেসি এই ম্যাচেও থাকবেন ইন্টার মায়ামির মূল ভরসা হয়ে। ৪৩ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে আছে মায়ামি। যদিও শেষ ছয় ম্যাচে তাদের জয়-পরাজয়ের রেকর্ড ১-২-৩। অন্যদিকে ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা শিকাগো ফায়ার শেষ ছয় ম্যাচে অপরাজিত। তাদের জয় তিনটি ও ড্র তিনটি।
মেসিকে দেখতে ইতোমধ্যেই বিক্রি হয়েছে ৬১ হাজারের বেশি টিকিট। শিকাগোয় আর্জেন্টাইন মহাতারকার বিরল সফর যে দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ তৈরি করেছে, টিকিট বিক্রির এই সংখ্যাই তার প্রমাণ।
শনিবার আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ২-২ গোলে ড্র করা ম্যাচে দুটি অ্যাসিস্ট করেন মেসি। এর মধ্য দিয়ে মেজর লিগ সকারের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি আলাদা মৌসুমে ৩০টি গোলে অবদানের রেকর্ড গড়েন তিনি। ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা চলতি লিগে ১৮ গোল করে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আছেন। সঙ্গে আছে লিগ-সেরা ১২টি অ্যাসিস্ট।
আটলান্টার বিপক্ষে ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো টানা দ্বিতীয় ম্যাচে গোল করেন। লুইস সুয়ারেজও জালের দেখা পান।
গত ২২ জুলাই মায়ামির মাঠে এই দুই দলের আগের সাক্ষাতে সুয়ারেজের জোড়া গোলে ৩-২ ব্যবধানে জয় পেয়েছিল মায়ামি। ম্যাচটিতে অবশ্য বিশ্বকাপ-পরবর্তী বিরতির কারণে মেসি ছিলেন না। সেটিই ছিল লেভানডোভস্কির মেজর লিগ অভিষেক, কিন্তু অভিষেকটা সুখকর হতে দেয়নি মায়ামি।
এবার নিজেদের মাঠে আরও আত্মবিশ্বাসী শিকাগো। শনিবার টরন্টো এফসির বিপক্ষে ৪-৪ গোলের রোমাঞ্চকর ড্র করে টানা তৃতীয় ড্র পেয়েছে তারা।
বার্সেলোনা ছেড়ে মেজর লিগ সকারে আসা ৩৮ বছর বয়সী লেভানডোভস্কি ইতোমধ্যেই নিজের উপস্থিতির জানান দিয়েছেন। আট ম্যাচে করেছেন পাঁচ গোল, সঙ্গে দুটি অ্যাসিস্ট। মেসির বিপক্ষে ম্যাচটিকে তাই আলাদা গুরুত্ব দিচ্ছে শিকাগো।