মেসিকে দেখতে হাত কাটলেন ভক্ত!

স্পোর্টস ডেস্ক 
২৩ অক্টোবর ২০২৬, ১১:৩৭ আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ১১:৩৭

স্পেনে এসেছেন লিওনেল মেসি। নিজের চিরচেনা দেশে এসেছেন এবার অন্য কারণে। প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার নিতে এসেছেন। ওবিয়েদো শহরে স্ত্রী আন্তোনেলাকে নিয়ে সময় কাটাচ্ছেন এই আর্জেন্টাইন তারকা। আর্জেন্টাইন মহাতারকাকে একনজর দেখতে সেখানে ভিড় জমাচ্ছেন ভক্তরা। এক ভক্ত তো অফিস থেকে ছুরি নিয়ে নিজের হাত নিজেই কেটে ফেলেছেন!

হাজারো ভক্তের উল্লাস আর করতালিতে মেসিকে স্বাগত জানিয়েছে সেখানে থাকা ভক্তরা। সকাল ৭টার দিকে সেখানে পৌঁছে হোটেল দে লা রেকনকিস্তায় ওঠেন মেসি।

কিছুক্ষণের মধ্যেই হোটেলের প্রধান প্রবেশপথ ভরে যায় ভক্ত ও সাংবাদিকদের ভিড়ে। কক্ষে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর কালো রঙের আনুষ্ঠানিক পোশাক পরে বাইরে বেরিয়ে আসেন মেসি।

ভক্তদের সঙ্গে ছবি তুলতে শুরু করেন মেসি। আর্জেন্টিনা জাতীয় দল ও বার্সেলোনার জার্সি, পতাকাসহ নানা জিনিসে অটোগ্রাফ দেন তিনি। ভক্তদের থেকে অনেক উপহারও পেয়েছেন এই ফুটবল জাদুকর। এর মধ্যে ছিল আর্জেন্টিনার মিষ্টি ও কর্নস্টার্চ দিয়ে তৈরি আলফাখোরেস নামের বিশেষ বিস্কুটের একটি ট্রে।

শহরের কেউই মেসিকে দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি। টিওয়াইসি স্পোর্টস তাদের প্রতিবেদনে লিখেছে, মেসিকে কাছ থেকে দেখার জন্য যেন কাজে যেতে না হয়, সে জন্য ইচ্ছা করে নিজের হাত কেটেছেন এক তরুণ!

স্পোর্টস প্যালেসে শিক্ষার্থী শিশু-কিশোরদের সঙ্গে মতবিনিময় করবেন মেসি। সন্ধ্যায় স্পেনের রাজা ও রানির পাশাপাশি পুরস্কারের অন্য বিজয়ীদের সঙ্গে নৈশভোজে অংশ নেবেন তিনি।

হোটেলে পুরস্কারের অন্য বিজয়ীদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন মেসি। সেখানে আস্তুরিয়াসের রাজকুমারী লিওনর দে বোরবন ই ওর্তিথ তাকে স্মারক পিন উপহার দেবেন।

আজ শুক্রবার বিকালে ওবেইদোর কাম্পোয়ামোর থিয়েটারে আনুষ্ঠানিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেবেন মেসি। বর্ণাঢ্য ক্রীড়া ক্যারিয়ারের পাশাপাশি বিশ্বের সবচেয়ে অসহায় শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে তার অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হচ্ছে।

এই সম্মাননা পাবেন ভেবেই ভালো লাগছে মেসির। এমন মুহূর্তে স্মরণ করছেন প্রয়াত বাবাকে, ‘সত্যি বলতে, আমি খুব খুশি। আসলে, এই পুরস্কার নিয়ে আমার বাবা খুবই রোমাঞ্চিত ছিলেন। আমার অনেক ম্যাচের কারণে এখানে আসা কঠিন হবে, সেটা আমরা জানতাম। কিন্তু বাবা বারবার জোর দিচ্ছিলেন, যেন আমরা আসি এবং আমি এখানে এসে এই কটাদিন কাটাই ও পুরস্কারটি গ্রহণ করি।’

মেসি আরও বলেন, ‘একজন মানুষ মাঠে যা করে, কিংবা পেশাদার ক্যারিয়ারে আমি যা করেছি, এই পুরস্কার তার চেয়েও বেশি কিছুর স্বীকৃতি। সত্যি বলতে, আমি এই স্বীকৃতি পেলে তিনি খুব খুশি হতেন। তাই আমি নিশ্চিত, তিনিও এখনও এটি উপভোগ করছেন।’

অনুষ্ঠান শেষ করেই নিউইয়র্কের উদ্দেশে বিমানে উঠবেন মেসি। সেখানে শনিবার মেজর লিগ সকারে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে খেলবে মেসির ক্লাব ইন্টার মায়ামি।

/টিএ/আইএএম/
সম্পর্কিত
ব্যালন ডি’অর জিততে পারেননি পেলে-ম্যারাডোনা, দায়ী ছিল যে নিয়ম
নিজের নামে ছয় প্রজাতি, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে মেসির আরেক কীর্তি
এক ইউরোর ভোটে রোনালদোর ধারেকাছে নেই মেসি!
সর্বশেষ খবর
ঘরের মেঝেতে পড়ে ছিল গৃহবধূর মরদেহ, থানায় নেওয়া হলো স্বামী ও দুই সন্তানকে 
ঘরের মেঝেতে পড়ে ছিল গৃহবধূর মরদেহ, থানায় নেওয়া হলো স্বামী ও দুই সন্তানকে 
‘বেহেশতের কথা বলে ভোট নিয়ে এখন সস্তা রাজনীতি বন্ধ করুন’
‘বেহেশতের কথা বলে ভোট নিয়ে এখন সস্তা রাজনীতি বন্ধ করুন’
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতে বাংলাদেশ দল
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতে বাংলাদেশ দল
মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
সর্বাধিক পঠিত
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’