খেলোয়াড় হিসেবে বছরের পর বছর স্প্যানিশ ফুটবলে রাজত্ব করেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। এবার ক্লাব মালিকানায়ও স্পেনের ফুটবলের সঙ্গে জড়িয়ে যাচ্ছেন দুই মহাতারকা। যা স্পেনে বাড়তি আগ্রহ সৃষ্টি করেছে।
৪১ বছর বয়সী রোনালদো গত ফেব্রুয়ারিতে স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাব আলমেরিয়ার ২৫ শতাংশ মালিকানা কিনেছেন। অন্যদিকে ৩৯ বছর বয়সী মেসি দ্বিতীয় বিভাগের আরেক ক্লাব এলদেন্সে বিনিয়োগের প্রাথমিক চুক্তিতে পৌঁছেছেন বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। এরই মধ্যে বার্সেলোনাভিত্তিক পঞ্চম বিভাগের ক্লাব করনেয়ার মালিকানাও রয়েছে মেসির। তবে তার নতুন বিনিয়োগের এই খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস।
বুধবার সাংবাদিকদের তেবাস বলেছেন, এলদেন্সে মেসির বিনিয়োগের খবর তিনি গণমাধ্যম থেকেই জেনেছেন। চুক্তিটি পুরোপুরি নিশ্চিত কিনা, কিংবা মেসি একাই বিনিয়োগ করছেন নাকি কোনও গ্রুপের মাধ্যমে, সেটি তার জানা নেই বলেও জানান তিনি।
তবে স্প্যানিশ ফুটবলে দুই মহাতারকার বিনিয়োগ নিয়ে দারুণ উচ্ছ্বসিত তেবাস। তার ভাষায়, ‘আমাদের মনে রাখতে হবে, আলমেরিয়ার ২৫ শতাংশের মালিক রোনালদো। সাম্প্রতিক বছরগুলোর বিশ্বের সেরা দুই ফুটবলার তাদের সঞ্চয়ের একটি অংশ স্প্যানিশ ফুটবলে বিনিয়োগ করার কথা ভাবছেন এবং এটিকে আরও বড় করতে সাহায্য করছেন, এটা আমাদের জন্য সম্মানের।’
খেলোয়াড়ি জীবনে মেসি ও রোনালদোর দ্বৈরথ ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায়। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের হয়ে প্রায় এক দশক নিয়মিত মুখোমুখি হয়েছেন তারা। দীর্ঘ সময় ধরে বিশ্ব ফুটবলে আধিপত্য বিস্তার করা এই দুই তারকা সম্মিলিতভাবে জিতেছেন ৮১টি ট্রফি। ৯০০-এর বেশি গোল করা একমাত্র দুই ফুটবলারও তারা।
বার্সেলোনায় ১৭ মৌসুম কাটিয়ে ২০২১ সালের আগস্টে ক্লাবটির আর্থিক সংকটের কারণে বিদায় নেন মেসি। বার্সা ও আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জিতেছেন সাতটি ব্যালন ডি’অর।
অন্যদিকে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছাড়েন। ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে বিদায় নেওয়া পর্তুগিজ তারকা মাদ্রিদে জিতেছেন ১৩টি শিরোপা, যার মধ্যে রয়েছে চারটি চ্যাম্পিয়ন্স লিগ। পর্তুগালের অধিনায়ক হিসেবে জিতেছেন ইউরোর শিরোপাও।