আল-আউয়াল পার্কে বুধবার রাতে ক্রিস্তিয়ানো রোনালদোর গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিকরা। সৌদি প্রো লিগের ম্যাচে আবহাকে ২-১ গোলে হারিয়েছে আল নাসর। এই ম্যাচে ক্যারিয়ারের ৯৭৯তম গোলের দেখা পেয়েছেন রোনালদো।
ম্যাচের ২২ মিনিটে এগিয়ে যায় আল নাসর। অ্যাঞ্জেলোর বাঁকানো ক্রসের দিকে লাফিয়ে উঠে দারুণ হেড করেন রোনালদো। বল পোস্টে লেগে গোলকিপার ডোনোভান লিওনের পাশ দিয়ে জালে জড়ায়।
এই গোলের মধ্য দিয়ে ক্লাব ও আন্তর্জাতিক ক্যারিয়ার মিলে রোনালদোর গোল সংখ্যা দাঁড়াল ৯৭৯-তে। রেকর্ড এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে পর্তুগিজ তারকার আর প্রয়োজন ২১ গোল।
গোল হজমের পরপরই অবশ্য আক্রমণে ঝাঁপিয়ে পড়ে আবহা। এক মিনিট পরই মিশি বাতশুয়াইয়ের পাসে আলিমামি গোরি গোলের সুযোগ পেয়েছিলেন। তবে তার শট পোস্টে লেগে ফিরে আসে।
৩৮ মিনিটে নিজের গোলসংখ্যা ১ হাজারের দিকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন রোনালদো। তার নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে।
এর এক মিনিট পর আবারও গোলের কাছাকাছি যান পর্তুগিজ তারকা। কর্নার থেকে আল-হামদান বল বাড়িয়ে দেন রোনালদোর দিকে। এবারও তার শট গোললাইন থেকে ফিরিয়ে দেন লিওন ও আল-ফাহাদ মিলে।
দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ বেশিরভাগ সময় ছিল আল নাসরের হাতে। ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আল-হামদান। দূরের পোস্ট লক্ষ্য করে শক্তিশালী শটে গোল করে আল নাসরকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।
৭৫ মিনিটে ফরাসি তারকা নাবিল ফেকির দুর্দান্ত এক গোল করেন। বাম দিক থেকে ফ্রি-কিক নেওয়ার সময় আল নাসরের রক্ষণ ও গোলকিপার বেন্তোকে চমকে দিয়ে সরাসরি গোলে শট নেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। বাঁক নেওয়া বল জালে জড়িয়ে ব্যবধান কমিয়ে আনে আবহা।
শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আল নাসর। ছয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তালিকায় দুই নম্বরে রোনালদোর দল।









