জাতীয় দল থেকে ৯ ফুটবলার চেয়েছে মোহামেডান

লিগ শুরু নিয়ে আপত্তি জানিয়ে খুব একটা সুবিধা করতে পারেনি মোহামেডান। এবার জাতীয় দল থেকে ফুটবলার ফেরত চেয়ে নতুন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) চাপে রাখলো তারা। ফিফা আসিয়ান কাপের জন্য জাতীয় দলের ক্যাম্পে থাকা নিজেদের ফুটবলারকে আগামীকালই ছেড়ে দেওয়ার অনুরোধ করেছে ঐতিহ্যবাহী ক্লাবটি। ক্লাবটির ৯ জন খেলোয়াড় থাকায় তাদের ছাড়া অনুশীলন ও লিগের প্রস্তুতি ব্যাহত হচ্ছে বলে মনে করছে মোহামেডান।

মূলত মোহামেডানের নেতৃত্বে কয়েকটি ক্লাব সেপ্টেম্বরের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু করার দাবি জানিয়েছিল। তাদের সেই দাবি আমলে না নিয়ে বাফুফে পূর্বনির্ধারিত ১৮ সেপ্টেম্বর থেকেই লিগ শুরুর সূচি প্রকাশ করেছে।

এই পরিস্থিতিতে বাফুফের সাধারণ সম্পাদককে আগামীকালের মধ্যে ওই ফুটবলারদের ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন মোহামেডানের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া।

আগামী ২৫ সেপ্টেম্বর ফিফা আসিয়ান কাপের টুর্নামেন্টে বাংলাদেশ মাঠে নামবে। তার আগে ১৯ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ার কথা জাতীয় দলের।

অর্থাৎ, লিগ শুরুর মাত্র এক দিন আগে জাতীয় দলের ৯ ফুটবলারকে ফিরে পেতে চায় মোহামেডান। এখন বাফুফে তাদের অনুরোধে কী সিদ্ধান্ত নেয়, সেটিই দেখার বিষয়।