সুদূর যুক্তরাষ্ট্র থেকে জাতীয় দলের টানে আবারও ঢাকায় জায়ান আহমেদ। ক্লাবের বিশেষ অনুমতি নিয়ে ফিফা আসিয়ান কাপের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিয়েছেন এই ডিফেন্ডার। তবে দেশে ফিরেই নতুন এক চ্যালেঞ্জ নিতে হচ্ছে তাকে। আর সেটা হচ্ছে ঢাকার গরম আবহাওয়ার সঙ্গে দ্রুত মানিয়ে। ক্লাবের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় এসেছেন তিনি।
মঙ্গলবার সকালে জাতীয় দলের প্রধান কোচ থমাস ডুলির অনুশীলনে যোগ দেন জায়ান। এরপর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জাতীয় দলে ফিরতে পেরে নিজের আনন্দের কথা জানান তিনি।
জায়ান বলেন, ‘জাতীয় দলে আবারও ফিরতে পেরে এবং সতীর্থদের সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগছে। এখানকার আবহাওয়া বেশ গরম, তাই দ্রুত কন্ডিশনের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।’
সেপ্টেম্বর-অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোতে ইন্দোনেশিয়ায় ফিফা আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলবে টুর্নামেন্টটি। আসিয়ান কাপকে সামনে রেখে বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রাথমিক দল নিয়ে অনুশীলন করছে বাংলাদেশ।
এই ক্যাম্পে সুযোগ পেয়েছেন বেশ কয়েকজন নতুন প্রবাসী ফুটবলার। তাদের মধ্যে রয়েছেন জাপানি বংশোদ্ভূত শুইকি ইতোফুসা সুকি ও গোলকিপার সাইফ কেরাওয়ালা।
নতুন সতীর্থদের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার বিষয়টি নিয়েও ইতিবাচক জায়ান। তিনি বলেন, ‘সাইফ ও শুকির মতো নতুন যারা এসেছে, তারা খুব দ্রুত দলের সঙ্গে মানিয়ে নিচ্ছে। ভাষার কিছুটা ভিন্নতা থাকলেও তাদের সঙ্গে মাঠের রসায়ন ও বোঝাপড়া চমৎকার।’
ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৫ সেপ্টেম্বর। প্রতিপক্ষ মালয়েশিয়া। প্রিমিয়ার ডিভিশনের ‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর।