বাটলারের দর্শনেই খেলবে বাংলাদেশ, তবে কিছুটা পরিবর্তন আনবেন মেয়ার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২৬, ১৬:৪৭ আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১৬:৫৩

পিটার বাটলারের শারীরিক অসুস্থতায় এক মাসের জন্য অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পেয়েছেন এরিক মেয়ার। সামনে সিঙ্গাপুরের বিপক্ষে দুটি আন্তর্জাতিক ম্যাচ। প্রস্তুতির জন্য হাতে সময়ও খুব বেশি নেই। তাই দায়িত্ব নিয়েই সবকিছু নতুন করে সাজাতে চান না এই ফরাসি কোচ। বাটলারের ফুটবল দর্শন ধরে রেখেই পরিস্থিতি ও খেলোয়াড়দের সামর্থ্য অনুযায়ী কিছু পরিবর্তন আনতে চান তিনি।

সোমবার বাফুফে ভবনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন মেয়ার। তার মতে, শুরুতেই আগের কোচের দর্শন পুরোপুরি বদলে ফেলা সম্ভব নয়। তবে প্রয়োজন অনুযায়ী কিছুটা মানিয়ে নিতে হবে।

মেয়ার বলেন, ‘আপনি শুরু থেকেই সবকিছু পরিবর্তন করতে পারেন না। আমি পিটারের দর্শনই ধরে রাখব। তবে কিছুটা মানিয়ে নেব।’

বাংলাদেশ নারী ফুটবলের সাম্প্রতিক অগ্রগতিও নজরে এসেছে নতুন কোচের। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান নিয়ে সন্তুষ্ট তিনি। একই সঙ্গে তরুণ খেলোয়াড়দের উন্নয়নের ওপর গুরুত্ব দিয়েছেন। আফ্রিকায় কাজ করার অভিজ্ঞতা থেকে নারী ফুটবলের অগ্রগতির বিষয়টি তুলে ধরে মেয়ার বলেন, ‘নারী ফুটবলে বাংলাদেশ অনেক এগিয়েছে। সাফ টুর্নামেন্টে শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও ভারতকে হারানো গুরুত্বপূর্ণ অর্জন। আফ্রিকাতেও আমি দেখেছি, প্রতিটি দেশ নারী ফুটবলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমাদেরও তরুণ খেলোয়াড়দের একসঙ্গে উন্নতি করতে হবে।’

পিটারের সঙ্গে যোগাযোগের বিষয়টিও পরিষ্কার করেছেন মেয়ার। চিকিৎসার জন্য বাটলারকে ইংল্যান্ডে ফিরে যেতে হয়েছে। এমন পরিস্থিতিতে বাফুফে তার সঙ্গে যোগাযোগ করে। পিটারের সঙ্গেও বার্তা আদান-প্রদান হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মেয়ার বলেন, ‘পিটারের পরিস্থিতিটা বিশেষ। চিকিৎসার কারণে তাকে ইংল্যান্ডে যেতে হয়েছে। ফুটবল ফেডারেশন আমার সঙ্গে যোগাযোগ করেছে। পিটারের প্রতিও সম্মান রেখে দলের বিষয়ে তার সঙ্গে কিছু বার্তা আদান-প্রদান করেছি।’

দায়িত্ব নেওয়ার পর গত পাঁচ দিন ধরে খেলোয়াড়দের তথ্য, ভিডিও ও পরিসংখ্যান পর্যালোচনা করেছেন মেয়ার। তবে শুধু ভিডিও দেখে খেলোয়াড়দের সম্পর্কে পূর্ণ ধারণা পাওয়া সম্ভব নয় বলে মনে করেন তিনি। মাঠে অনুশীলন দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান।

তার ভাষায়, ‘তথ্য এক জিনিস, ভিডিও আরেক জিনিস। কিন্তু মাঠের বাস্তবতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজ রাতে স্টাফদের সঙ্গে মাঠে কাজ করব। তাঁদের কাছ থেকেও খেলোয়াড়দের সম্পর্কে বিস্তারিত জানব। এরপর আগামীকাল থেকে অনুশীলন শুরু হবে। আমাদের হাতে ১০ দিন সময় আছে।’

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ সামনে রেখে দ্রুত নিজের খেলার দর্শন দলের মধ্যে ছড়িয়ে দিতে চান মেয়ার। তবে খেলোয়াড়েরা তার পরিকল্পনার সঙ্গে কতটা মানিয়ে নিতে পারবেন, সেটিও দেখতে চান তিনি। সিঙ্গাপুরের খেলার ভিডিও দেখেছেন। প্রতিপক্ষের বিপক্ষে কীভাবে খেলতে হবে, সে সম্পর্কেও প্রাথমিক ধারণা তৈরি করেছেন।

কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর দলের সব খেলোয়াড়কে নিজেদের প্রমাণের সুযোগ দিতে চান মেয়ার। বর্তমানে ক্যাম্পে আছেন ৪১ জন। সেখান থেকে ধাপে ধাপে চূড়ান্ত দল নির্বাচন করবেন তিনি।

মেয়ার বলেন, ‘আমি চাই সব খেলোয়াড় নিজেদের প্রমাণের সুযোগ পাক। ক্যাম্পে ৪১ জন আছে। সবাইকে মাঠে দেখব। এরপর হয়তো ৩০ জন এবং সেখান থেকে ২৩ জনকে নিয়ে সিঙ্গাপুর যাব। তবে এর আগে আমাকে মাঠে খেলোয়াড়দের দেখতে হবে। কোচিং স্টাফের কাছ থেকেও অনেক তথ্য নিতে হবে।’

সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচে ভালো ফল না এলে দায় কে নেবেন- এমন প্রশ্নে সরাসরি নিজের দায়িত্ব স্বীকার করেছেন তিনি। বলেছেন, ‘অবশ্যই আমি দায়িত্ব নেব। তবে মাঠে খেলোয়াড়দের না দেখে এখনই অনেক কিছু বলা কঠিন। তথ্য ও ভিডিও আছে, কিন্তু মাঠের বাস্তবতা আলাদা। আমি স্টাফদের সঙ্গে কাজ করে সমস্যার সমাধান খুঁজব।’

সিঙ্গাপুর সফরের সময়ও পিটারের সঙ্গে যোগাযোগ রাখতে চান মেয়ার। তবে মাঠে দলকে দেখার পর নিজের সিদ্ধান্ত নিজেই নিতে চান তিনি। অন্যদিকে, বাংলাদেশ দলের দীর্ঘমেয়াদি কোচ হওয়ার বিষয়ে এখনই ভাবতে রাজি নন এই ফরাসি কোচ। আপাতত তার মনোযোগ সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচে, ‘এখন এটা নিয়ে কথা বলার সঠিক সময় নয়। যিনি দায়িত্বে আছেন, তার প্রতি সম্মান রাখতে হবে। আমি শুধু এই মিশনের জন্য এসেছি। আশা করি আমরা সফল হবো এবং নারী ফুটবল দলকে নিয়ে সবাই গর্ব করতে পারবেন।’

বাফুফের সঙ্গে স্থায়ী নিয়োগের জন্য কোনো আনুষ্ঠানিক সাক্ষাৎকার বা নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে কি না, এমন প্রশ্নও এড়িয়ে গেছেন মেয়ার। তার বক্তব্য, পিটারের অনুপস্থিতিতে জরুরি পরিস্থিতি সামাল দিতেই ফেডারেশন তার সঙ্গে যোগাযোগ করেছে। আপাতত সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচই তার একমাত্র লক্ষ্য।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
রোনানকে হারানো ‘বড় ক্ষতি’ বলছেন বাংলাদেশ কোচ
দুদিন পর সাফ, আয়োজন নিয়ে বাফুফে-সাফের ‘ঠাণ্ডা লড়াই’!
‘ফুটবলাররা কেউ রোবট নয় যে প্রোগ্রাম সেট করলাম আর খেলে ফেললো’
সর্বশেষ খবর
আমি ধার্মিক মানুষ, স্বর্গে যাবো: ট্রাম্প
আমি ধার্মিক মানুষ, স্বর্গে যাবো: ট্রাম্প
সংসদের সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্য মনোনীত
সংসদের সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্য মনোনীত
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু
ইরানের নিচে টেকটোনিক প্লেটে বিরাট ফাটল শনাক্ত
ইরানের নিচে টেকটোনিক প্লেটে বিরাট ফাটল শনাক্ত
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
২৫০ বছরের পুরনো দোকান কেন এখনও কলকাতায় বিখ্যাত, কী পাওয়া যায় সেখানে?
২৫০ বছরের পুরনো দোকান কেন এখনও কলকাতায় বিখ্যাত, কী পাওয়া যায় সেখানে?