জাকার্তায় বাংলাদেশ দলের সঙ্গে হামজা চৌধুরী

বাংলাদেশ দল আগেই পৌঁছে গিয়েছিল জাকার্তায়। ক্লাব ফুটবলের ব্যস্ততা শেষে এবার ফিফা আসিয়ান কাপের মিশনে দলের সঙ্গে যোগ দিয়েছেন হামজা চৌধুরীও।

স্থানীয় সময় সোমবার দুপুর ৩টার দিকে জাকার্তায় পৌঁছান হামজা। ইংল্যান্ড থেকে রাতেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তরুণ প্রতিভা ফারহান আলী ওয়ালিদের। আর শমিত সোমের মঙ্গলবার সকালে জাকার্তায় পৌঁছানোর কথা রয়েছে।

ইংলিশ চ্যাম্পিয়নশিপে হামজার ক্লাব শেফিল্ড ইউনাইটেডের ম্যাচ ছিল শনিবার। আন্তর্জাতিক বিরতির আগে নিজেদের শেষ ম্যাচে স্টোক সিটির কাছে ২-১ গোলে হেরে যায় তারা। ম্যাচটিতে রাইট ব্যাক হিসেবে খেলেন হামজা। ৭৯ মিনিটে তাকে তুলে নেন কোচ।

এদিকে আসিয়ান কাপে অংশ নিতে বাংলাদেশ দল জাকার্তায় পৌঁছায় রবিবার ভোরে। টিম হোটেলে বিশ্রাম নেওয়ার পর সেদিন রাতেই প্রথম অনুশীলন সেশন করে দল।

প্রথম দিনের অনুশীলনে মূলত ভ্রমণক্লান্তি কাটিয়ে খেলোয়াড়দের দ্রুত স্বাভাবিক ছন্দে ফেরানোর দিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশ দলের উরুগুইয়ান ফিটনেস ট্রেনার রাফায়েল ক্যাম্পোসের তত্ত্বাবধানে স্ট্রেচিং ও রিকোভারি সেশনেই বেশি সময় কাটান ফুটবলাররা।

মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুক্রবার মাঠের লড়াই শুরু হবে বাংলাদেশের। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়া।