মাঠে উত্তেজনা, তার ওপর নারী রেফারির সঙ্গে অসদাচরণের খেসারত দিতে হলো চাকরি হারিয়ে। নারী রেফারির হাত ধরে রেখে ‘এটা পুরুষদের খেলা’ মন্তব্য করার অভিযোগে আর্জেন্টাইন কোচ ফেদেরিকো হিগুয়েইনকে বরখাস্ত করেছে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব কলম্বাস ক্রু।
ফেদেরিকো হিগুয়েইন সাবেক আর্জেন্টিনা ও রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড গঞ্জালো হিগুয়েইনের ভাই। ঘটনার পর এরই মধ্যে তাকে লাল কার্ড দেখানো হয়েছিল এবং দুই ম্যাচের নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছিল। তবে বিষয়টি নিয়ে আরও পর্যালোচনার পর এবার তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে কলম্বাস ক্রু।
মঙ্গলবার এক বিবৃতিতে ক্লাবটির জেনারেল ম্যানেজার ইসা টল বলেন, ‘আমাদের ক্লাব, খেলোয়াড় ও স্টাফদের স্বার্থে ফেদেরিকো হিগুয়েইনকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়াই সবচেয়ে ভালো সিদ্ধান্ত বলে আমরা মনে করেছি।’
ঘটনাটি ঘটেছিল এমএলএসের ডেভেলপমেন্ট লিগ এমএলএস নেক্সট প্রোর একটি ম্যাচে। ম্যাচ চলাকালে নারী রেফারির সঙ্গে হিগুয়েইনের আচরণ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়।
রেফারিদের সংগঠন প্রফেশনাল সকার রেফারিজ অ্যাসোসিয়েশনের (পিএসআরএ) অভিযোগ, হিগুয়েইন নারী কর্মকর্তার সঙ্গে ‘ইচ্ছাকৃতভাবে শারীরিক নিপীড়ন ও যৌন বৈষম্যমূলক আচরণ’-এর দুটি ঘটনা ঘটিয়েছেন। সংগঠনটির ভাষ্য অনুযায়ী, রেফারির সঙ্গে করমর্দনের সময় হিগুয়েইন তার হাত চেপে ধরেন এবং তিনবার হাত ছেড়ে দিতে বলা হলেও তা করেননি।
এরপরই আসে আরও বিতর্কিত মন্তব্য। ওই শারীরিক আচরণের সঙ্গে যুক্ত হয় অবমাননাকর ও যৌন বৈষম্যমূলক মন্তব্য। তখন বলেছেন, ‘ভুলে যেও না, এটা পুরুষদের খেলা।’
ঘটনার পর এমএলএসের দেওয়া দুই ম্যাচের নিষেধাজ্ঞাকেও যথেষ্ট মনে করেনি রেফারিদের সংগঠন। পিএসআরএ বলেছে, এই শাস্তি প্রয়োজনের তুলনায় অনেক কম এবং হিগুয়েইনের অন্তত ছয় ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়া উচিত ছিল।
এদিকে দ্য অ্যাথলেটিকের এক প্রতিবেদনে ক্লাবের নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, পরবর্তী সময়ে ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে আলোচনাতেও হিগুয়েইন নিজের আচরণ নিয়ে আত্মসমালোচনা করতে বা দায় স্বীকার করতে রাজি হননি। এমনকি প্রকাশ্য ক্ষমাও চাননি তিনি।