ভারতে ফুটবলের সংস্কৃতি নেই: আনচেলত্তি

ভারতের মাটিতে প্রথমবারের মতো ম্যাচ খেলতে নামছে ব্রাজিল। ইতিহাসের সেই মুহূর্ত যত এগিয়ে আসছে, ততই বাড়ছে উত্তেজনা। বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তির বিপক্ষে মাঠে নামার আগে ভারতকে অবশ্য হালকাভাবে নিচ্ছেন না ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। 

ভারত-ব্রাজিলের ঐতিহাসিক প্রীতি ম্যাচটি হবে ভারতের মাটিতে ব্রাজিলের সিনিয়র পুরুষ দলের প্রথম ম্যাচ। ফিফা র‍্যাঙ্কিং চালুর পর ভারতের মুখোমুখি হওয়া দলগুলোর মধ্যে র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে ওপরে থাকা প্রতিপক্ষও হতে যাচ্ছে ব্রাজিল। বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে তারা।

ভারতের বিপক্ষে ম্যাচের জন্য ২৬ সদস্যের তারকাখচিত দল ঘোষণা করেছেন আনচেলত্তি। সেই দলে রয়েছেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র ও এন্ড্রিক এবং বার্সেলোনার রাফিনহাসহ ব্রাজিলের একাধিক তারকা।

‘দ্য টাইমস অব ইন্ডিয়া’কে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেছেন, ‘বিশ্বের প্রতিটি প্রান্তেই ব্রাজিলের সমর্থক রয়েছে। এই জাতীয় দলের ইতিহাস সত্যিই গুরুত্বপূর্ণ। ভারতে খেলতে পারা আমাদের জন্য আনন্দের। শুধু ব্রাজিলের সমর্থকদের জন্য নয়, ভারতের মানুষের জন্যও।’

ম্যাচটি প্রস্তুতিমূলক হলেও জাতীয় দলের হয়ে খেলতে নামলে সেটিকে স্রেফ প্রীতি ম্যাচ হিসেবে দেখার সুযোগ নেই বলে মনে করেন আনচেলত্তি। তার ভাষায়, ‘এটি প্রস্তুতিমূলক একটি ম্যাচ, একটি প্রীতি ম্যাচ। কিন্তু আমাদের জন্য কখনও কোনও ম্যাচই প্রীতি ম্যাচ নয়। জাতীয় দলের হয়ে খেললে সবসময় নিজের সেরাটা দিতে হবে। আমরা খেলোয়াড়দের নতুন একটি প্রজন্ম গড়ে তোলার কাজ করছি।’

বিভিন্ন দেশ ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়াটাও জাতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন ব্রাজিল কোচ। ভিন্ন ধরনের ফুটবল খেলা দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার অভিজ্ঞতা ব্রাজিলের আছে বলেও জানান তিনি।

ভারত প্রসঙ্গে আনচেলত্তি বলেন, ‘এটা রোমাঞ্চকর হবে। সত্যি বলতে, বিশ্বমানের প্রতিপক্ষের বিপক্ষে ভারতের খুব বেশি খেলার অভিজ্ঞতা নেই। তবে আমাদের জানতে হবে তারা কীভাবে খেলে। আমি কখনও ভারতে আসিনি।’

ভারতের ফুটবলের উন্নয়নে একটি শক্তিশালী ফুটবল সংস্কৃতি গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও বলেছেন আনচেলত্তি। তার মতে, নতুন প্রজন্মের ফুটবলার তৈরিতে সেটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ব্রাজিল কোচ বলেন, ‘ভারতে ফুটবলের সংস্কৃতি নেই, তবে তারা অন্য খেলায় ভালো। নতুন প্রজন্মের খেলোয়াড় গড়ে তুলতে এ বিষয়ে কাজ করতে হবে।’