ভারতের বিপক্ষে ম্যাচ, ব্রাজিলের জন্য রাজকীয় আয়োজন কলকাতায়

স্পোর্টস ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৫আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৫

প্রীতি ম্যাচ খেলতে ব্রাজিল আসছে কলকাতায়। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য যেন রাজকীয় আয়োজনই করছে ভারত। দীর্ঘ ১১ ঘণ্টার বিমানযাত্রার ধকল যাতে তারকাদের পারফরম্যান্সে প্রভাব না ফেলে, সে জন্য সাধারণ যাত্রীবাহী বিমানের বদলে ব্রাজিল দলকে কলকাতায় আনা হবে বিশেষ চার্টার বিমানে। এমনকি বিমানবন্দরেও সাধারণ যাত্রীদের মতো দীর্ঘ ইমিগ্রেশন লাইনে দাঁড়াতে হবে না ব্রাজিলিয়ান তারকাদের।

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) ব্রাজিল জাতীয় দলকে কলকাতায় আনতে এই বিশেষ বিমানের ব্যবস্থা করেছে। ১ অক্টোবর কলকাতায় পৌঁছানোর কথা ব্রাজিলের। এরপর ৩ অক্টোবর ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে বর্তমানে পঞ্চম স্থানে থাকা ব্রাজিল চলতি মাসের শেষ দিকে দক্ষিণ আমেরিকা থেকে ওশেনিয়া অঞ্চলে যাবে। সেখানে সাবেক এশিয়ান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে তারা। এরপর সেখান থেকেই কলকাতার উদ্দেশে রওনা হবে কার্লো আনচেলত্তির দল।

এআইএফএফ ও ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন তথা সিবিএফের মধ্যে সমঝোতা অনুযায়ী, ৯০ সদস্যের ব্রাজিল দল ও কর্মকর্তাদের জন্য বিশেষ উড়োজাহাজের ব্যবস্থা করতে হবে। বিমানে অন্তত ৩০টি পুরোপুরি হেলানো যায় এমন বিজনেস ক্লাস আসন থাকবে। এসব আসনে থাকবেন খেলোয়াড়, কোচ কার্লো আনচেলত্তি এবং ব্রাজিল ফুটবল ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা। তাদের মধ্যে থাকবেন ফেডারেশনের সভাপতি সামির জাউদও।

ম্যাচ আয়োজনের সঙ্গে যুক্ত এক জ্যেষ্ঠ কর্মকর্তা ‘টাইমস অব ইন্ডিয়া’কে বলেছেন, ব্রাজিলের মতো দলের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করতেই হচ্ছে। তার ভাষায়, ‘ব্রাজিলের বিশ্বের সেরা কিছু ফুটবলার রয়েছে এবং তাদের বিশেষ সুবিধা প্রাপ্য।’

তিনি আরও বলেন, তিনটি মহাদেশ পেরিয়ে ভ্রমণ করলেও কলকাতায় পৌঁছানোর পর খেলোয়াড়দের যেন জেটল্যাগে ভুগতে না হয়, সেটিই আয়োজকদের অন্যতম লক্ষ্য। তারকা খেলোয়াড়দের চার্টার বিমানে বিজনেস ক্লাসে ভ্রমণ করানো হলে তারা সতেজ অবস্থায় কলকাতায় পৌঁছাতে পারবেন বলেই মনে করছেন আয়োজকরা।

কারণ কলকাতায় পৌঁছানোর মাত্র দুই দিন পরই ভারতের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ফলে খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা ও ম্যাচের জন্য প্রস্তুত থাকা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

শুধু বিশেষ বিমানেই শেষ হচ্ছে না ব্রাজিলের জন্য এই বিশেষ আয়োজন। বিমানবন্দরে সাধারণ যাত্রীদের ব্যবহৃত লাউঞ্জও এড়িয়ে যাবে ব্রাজিল দল। এমনকি নিয়মিত ইমিগ্রেশন লাইনে দাঁড়ানোরও প্রয়োজন হবে না তাদের। পাসপোর্ট ও ইমিগ্রেশনের প্রয়োজনীয় যাচাই-বাছাই বিমানের ভেতরেই সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

কলকাতায় ভারতের বিপক্ষে ম্যাচ শেষে ব্রাজিলের সব খেলোয়াড়কে বিজনেস ক্লাসের বিমান টিকিট দেওয়ার কথা রয়েছে। তবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা নিজেদের খেলোয়াড়দের জন্য আলাদা ব্যবস্থা করতে পারে। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া ও এন্দ্রিকের মতো তারকাদের জন্য স্প্যানিশ দুই জায়ান্ট ক্লাব নিজস্ব ব্যবস্থাপনায় ব্যক্তিগত বিমানও পাঠাতে পারে।

এআইএফএফের এক কর্মকর্তা বলেছেন, বিশেষ চার্টারে কোনো ক্রীড়া দলকে ভারতে আনার ঘটনা সম্ভবত এবারই প্রথম। তার দাবি, জাপান থেকে চার্টার্ড বিমানে ভারতে আসবে উরুগুয়েও। বিশ্বের সাবেক চ্যাম্পিয়ন এসব দলের স্কোয়াডে রয়েছেন বিশ্বের সেরা এবং সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলারদের অনেকে।

ব্রাজিলের তারকাদের গুরুত্ব বোঝাতে আরও একটি তথ্য সামনে এসেছে। বিশ্বের অন্যতম বড় দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা দুই দলের অধিনায়কই ব্রাজিলিয়ান।

ব্রাজিলের আগমনকে ঘিরে কলকাতার অবকাঠামোতেও চলছে প্রস্তুতি। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, ভারতের সরকার সবকিছু উন্নত করার সর্বোচ্চ চেষ্টা করছে। ব্রাজিল দল কলকাতায় পৌঁছানোর সময় বিমানবন্দরের চেহারাতেও পরিবর্তন দেখা যাবে। পাশাপাশি ম্যাচ আয়োজনের জন্য স্টেডিয়াম সংস্কারের কাজও চলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেছেন, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল দলের একটি ম্যাচ আয়োজনের উপযোগী করেই স্টেডিয়ামকে প্রস্তুত করা হচ্ছে।

ব্রাজিলের বিপক্ষে এই ম্যাচকে ঘিরে ভারতও তাদের আন্তর্জাতিক সূচিতে বড় পরিবর্তন এনেছে। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ফিফা আসিয়ান কাপ থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচকে অগ্রাধিকার দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এআইএফএফ।

ভারতের ফুটবল ফেডারেশনের ভাষায়, ব্রাজিলের বিপক্ষে এই ম্যাচ ‘খেলোয়াড়দের জন্য জীবনে একবার পাওয়া সুযোগ’। এরপর একই আন্তর্জাতিক উইন্ডোতে উরুগুয়ে ও পানামার বিপক্ষেও ম্যাচ যোগ করেছে ভারত।

 

/এফআইআর/
সম্পর্কিত
কুতিনিয়ো সান্তোসে, খুশি নেইমার
দল ঘোষণার পর আনচেলত্তি বললেন, ‘ভবিষ্যতের জন্য কিছু তৈরি করাই আমাদের লক্ষ্য’
‘পেলে’ নামটি কীভাবে পেলেন ব্রাজিলের ফুটবল সম্রাট?
সর্বশেষ খবর
চীনের ‘ব্লু ইকোনমি’র অভিজ্ঞতা কাজে লাগতে চান শিক্ষামন্ত্রী
চীনের ‘ব্লু ইকোনমি’র অভিজ্ঞতা কাজে লাগতে চান শিক্ষামন্ত্রী
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: ‘মরার ওপর খাঁড়ার ঘা’
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: ‘মরার ওপর খাঁড়ার ঘা’
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি