বাংলাদেশের বিপক্ষে পয়েন্ট চান মালয়েশিয়ার কোচ

ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচেই বাংলাদেশের মুখোমুখি হচ্ছে মালয়েশিয়া। আর শুরুটা ভালো করতে চায় দলটি। শুক্রবার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে মালয়েশিয়ার অন্তর্বর্তীকালীন কোচ তান চেং হোর ভাবনায় এখন শুধুই এই ম্যাচ।

টুর্নামেন্টের প্রথম ম্যাচ সব সময়ই কঠিন সেটি মনে করিয়ে দিয়ে চেং হো জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিতে পুরো মনোযোগ দিচ্ছে তার দল।

বৃহস্পতিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যেকোনো টুর্নামেন্টের প্রথম ম্যাচ কঠিন। তাই আমরা এই ম্যাচটিতে পুরোপুরি মনোযোগ দিচ্ছি।’

জাকার্তায় শুক্রবার বাংলাদেশ সময় বেলা ৩টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও মালয়েশিয়া। নতুন এই টুর্নামেন্টে শুরুটা ভালো করতে চায় মালয়েশিয়া। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি দাতুক আব গনি হাসান দলকে আসিয়ান কাপের ফাইনালে দেখতে চান। তবে সেই লক্ষ্যকে চাপ হিসেবে না নিয়ে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন চেং হো।

মালয়েশিয়ার কোচ বলেন, ‘নতুন সভাপতির দেওয়া লক্ষ্যকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। ফুটবলাররা এই প্রথম ফিফা আসিয়ান কাপে খেলতে মুখিয়ে আছে। ফুটবলে প্রতিটি ম্যাচ ও প্রতিটি পয়েন্ট গুরুত্বপূর্ণ। তাই বাংলাদেশের বিপক্ষে ভালো ফল দিয়ে শুরু করাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে ২৩ সদস্যের স্কোয়াডের সবাই ফিট আছেন বলেও জানিয়েছেন চেং হো। দল ঘোষণার পর অবশ্য কয়েকজন খেলোয়াড়কে বদলাতে হয়েছে বলে জানান তিনি, ‘স্কোয়াডের ২৩ ফুটবলারই বাংলাদেশ ম্যাচের জন্য প্রস্তুত। সবাইকে একসঙ্গে পেয়ে আমরা খুশি। সবাই প্রস্তুত আছে। যদিও দল ঘোষণার পর গত কয়েক দিনে দুর্ভাগ্যজনকভাবে তিনজন খেলোয়াড়কে বদলাতে হয়েছে।’