অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের দুই তরুণের অভিষেক

বিশ্বকাপের পর নতুন চ্যালেঞ্জে ব্রাজিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই প্রীতি ম্যাচের পর ভারতের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন। তবে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির চোখ শুধু এই তিন ম্যাচে নয়। লক্ষ্য আরও দূরের। নতুন প্রজন্মের খেলোয়াড়দের যাচাই করে ২০২৮ কোপা আমেরিকা ও ২০৩০ বিশ্বকাপের জন্য দল গড়ে তোলার কাজ শুরু করেছেন তিনি। সেই পরিকল্পনার প্রথম পরীক্ষায় অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশও ঘোষণা করে দিয়েছেন এই ইতালিয়ান কোচ।

বৃহস্পতিবার টাউনসভিলে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশ ঘোষণা করেন আনচেলত্তি। ম্যাচটা মাঠে গড়াবে কাল বাংলাদেশ সময় শুক্রবার বিকাল ৪টায়। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের একাদশে রয়েছেন- হুগো সুজা, মাতেউজিনহো, মারকিনিওস, ভিটর রেইস, দগলাস সান্তোস, দানিলো সান্তোস, ব্রুনো গুইমারেস, রাফিনহা, এস্তেভাও, এনদ্রিক ও ভিনিসিয়ুস জুনিয়র।

এই ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হবে সেন্টারব্যাক ভিটর রেইস ও রাইটব্যাক মাতেউজিনহোর। তরুণদের সুযোগ দেওয়ার ক্ষেত্রে আনচেলত্তির পরিকল্পনার অংশ হিসেবেই তাদের একাদশে রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘আমাদের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি ফিফা উইন্ডো। আমাদের নতুন খেলোয়াড় আছে, তরুণ খেলোয়াড় আছে। আমরা নতুন কোনো প্রকল্প শুরু করছি না; গত এক বছরে যে কাজ করেছি, সেটিই চালিয়ে যাচ্ছি এবং উন্নতি করার চেষ্টা করছি। দলটি ভালো, আমাদের মানসম্পন্ন তরুণ খেলোয়াড় আছে।’

ম্যাচগুলোকে প্রীতি ম্যাচ বলতে নারাজ আনচেলত্তি। তার কাছে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ এবং প্রতিটি ম্যাচের মধ্য দিয়েই পরবর্তী প্রজন্মের খেলোয়াড় খুঁজে বের করার কাজ এগিয়ে নিতে চান তিনি। আনচেলত্তির ভাষায়, ‘আমাদের জন্য প্রীতি ম্যাচ বলা কঠিন। ব্রাজিলের জন্য কখনোই কোনো ম্যাচ প্রীতি ম্যাচ নয়। এটি গুরুত্বপূর্ণ একটি ম্যাচ, নতুন একটি মৌসুম। আমাদের লক্ষ্য হলো পরবর্তী বিশ্বকাপ ও কোপা আমেরিকার জন্য নতুন খেলোয়াড়, নতুন প্রজন্ম খুঁজে বের করা। আগামীকালের ম্যাচ দিয়েই আমরা শুরু করছি।’