আসিয়ান কাপে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। এই হারের পেছনে নিজেদের ভুলের কথাই ম্যাচ শেষে স্বীকার করেছিলেন কোচ থমাস ডুলি। এবার সেই ভুলের দায় নিজের কাঁধে নিয়ে দুঃখ প্রকাশ করেছেন ডিফেন্ডার শাকিল আহাদ তপু। মালয়েশিয়ার দুটি গোলের সময় তার ভুলের সুযোগ নিয়েছিল প্রতিপক্ষ। ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এসে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।
তপু লিখেছেন, ‘আজ ফুটবল ম্যাচে আমাদের পরাজয়ের পর থেকেই আমার খুব খারাপ লাগছে। এই হারের জন্য আমি আপনাদের সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ফুটবল একটি দলীয় খেলা এবং জয়-পরাজয় এরই অংশ। কিন্তু আমার ভুলের কারণে পুরো দল ক্ষতিগ্রস্ত হওয়ায় আমি নিজের দায়িত্ব এড়াতে পারি না।’
নিজের ভুল থেকে শিক্ষা নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন এই ডিফেন্ডার। তপু বলেন, ‘আমি আপনাদের কথা দিচ্ছি, এই ভুল থেকে শিক্ষা নিয়ে আমি আমার দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার জন্য আরও কঠোর অনুশীলন করবো।’
সামনের ম্যাচগুলোতে দলের জন্য নিজের সর্বোচ্চটা দেওয়ার আশ্বাস দিয়ে তিনি আরও লিখেছেন, ‘আগামী ম্যাচগুলোতে যাতে দলের জয়ে আমি অবদান রাখতে পারি, সেই সর্বোচ্চ চেষ্টা আমার থাকবে। আশা করি, আপনারা আমার এই অনিচ্ছাকৃত ভুলটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও আমার আজকের ভুলের জন্য আমি আপনাদের সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত।’