পর্তুগালের ম্যাচ, অথচ মাঠে নেই প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদো! শুধু তাই নয়, পুরো ম্যাচই কাটাতে হয়েছে বেঞ্চে বসে। নরওয়ের বিপক্ষে উয়েফা নেশন্স লিগের ম্যাচে রবিবার রাতে এমনই বিরল দৃশ্যের সাক্ষী হয়েছে ফুটবলবিশ্ব। রোনালদোকে ছাড়া ২-১ গোলে জয় পেয়েছে পর্তুগাল। আর এই জয় জন্ম দিয়েছে আরও বিরল ঘটনার। ১৮ বছর পর প্রথমবার রোনালদোকে ছাড়াই কোনো অফিসিয়াল ম্যাচ জিতেছে পর্তুগাল।
ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৮ সালের ১৫ জুনের পর প্রথমবার এমনটা ঘটলো। যেখানে মাঠে রোনালদোকে ছাড়াই কোনো অফিসিয়াল ম্যাচে জয় পেয়েছে পর্তুগাল।
পর্তুগালের হয়ে সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ ও গোলের রেকর্ডধারী রোনালদো। জাতীয় দলের হয়ে তার ম্যাচসংখ্যা ২৩৪, গোল ১৪৬। কিন্তু নরওয়ের বিপক্ষে পুরো ম্যাচেই তাকে দর্শকের ভূমিকায় থাকতে হয়েছে। কোচ জেসুস তাকে একাদশে তো রাখেনইনি, বদলি হিসেবেও মাঠে নামাননি।
অবশ্য অফিসিয়াল ম্যাচে রোনালদোর না খেলার ঘটনা একেবারে নতুন নয়। ২০০৬ সালের ২১ জুন মেক্সিকোর বিপক্ষে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচেও ছিলেন না তিনি। সেবার পর্তুগাল জিতেছিল ২-১ গোলে।
এরপর অফিসিয়াল ম্যাচে রোনালদো সর্বশেষ পুরোটা সময় বেঞ্চে বসেছিলেন ২০০৮ সালের ইউরোতে সুইজারল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচে ২-০ গোলে হেরেছিল পর্তুগাল।
তবে জাতীয় দলের জার্সিতে সর্বশেষ রোনালদোর বেঞ্চে বসে কাটানোর ঘটনাটি ঘটেছে ২০২৪ সালের ৮ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে। সেবারও পর্তুগাল ২-১ গোলে হেরেছিল। সেটি অফিশিয়াল ম্যাচ ছিল না, প্রীতি ম্যাচ।