সাদ-সোহেল রানার ‘নাইট ক্লাব’ যাওয়া নিয়ে নতুন ব্যাখ্যা!

ফিফা আসিয়ান কাপে শেষ ম্যাচে ৯-২ গোলে হারের পর সাদ উদ্দিন ও সোহেল রানা নাইট ক্লাবে গিয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিওসহ চাউর হয়ে যায়। ইন্দোনেশিয়ার এক নারী এক্সে তা প্রকাশ করে সোরগোল ফেলে দেন। সমালোচনার মুখে ওই দুই ফুটবলারের অনুরোধে পরে নতুন করে পোস্ট করে সেই ইন্দোনেশিয়ান মেয়ে ঘটনাটি জাকার্তা নয়, নেপালের বলে দাবি করেন।

সোহেল রানা জাকার্তা থেকে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ওই মেয়ে কেন পোস্ট করে বললো ঘটনাটা জাকার্তার! এটা নিয়ে চারদিকে এখন হইচই হচ্ছে। বিব্রত হতে হচ্ছে সবাইকে। তাই ইন্দোনেশিয়ার মেয়ে বন্ধুকে বলেছি সত্যি কথা লিখতে। ঘটনাটা যে বেশ কিছু দিন আগে নেপালের, তা স্মরণ করে দিয়েছি।’

এই প্রসঙ্গে সাদ উদ্দিন জাকার্তা বিমানবন্দর থেকে বলেন, ‘ছবিটি জাকার্তা নয়, নেপালে এবং মাসখানেক আগে বিষয়টি পরিষ্কার করার জন্য তাকে পোস্ট করতে বলেছি। ওই জায়গায় যাওয়া আমাদের ঠিক হয়নি, কিন্তু আমাদের ব্যক্তিগত জীবন ও বন্ধু থাকতে পারে পেশাদার ফুটবলের বাইরে।’

তাদের অনুরোধে ওই নারী নতুন পোস্টটি করেছেন। আগের পোস্টটি আর খুঁজে পাওয়া যায়নি। 

আজ দেওয়া নতুন পোস্টে আলানা লিখেছেন, ‘একটা ব্যাখ্যা দিতে চাই, ছবি ও ভিডিও নেপালে দুই মাস আগের। যেখানে পেশাদার ও প্রকৃত বন্ধুদের সঙ্গে দেখা করেছিলাম।’ দুই মাস আগের ছবি গতকাল পোস্ট করার কারণও ব্যাখ্যা দিয়েছেন পরের প্যারায়, ‘আমার পোস্টে কোনও ভুল বোঝাবুঝি হলে দুঃখিত। আমি সাধারণত দেরিতে পোস্ট করি, কারণ আমি যখন ভ্রমণ করি তখন উপভোগ করি।’

তবে দলীয় সূত্রে কেউ কেউ দাবি করছেন ঘটনাটি জাকার্তারই। ম্যাচশেষে তারা গিয়েছিলেন। এ নিয়ে কোচ পরবর্তীতে জেনেও কিছু বলেননি। আর জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু এ নিয়ে সংবাদ মাধ্যমে সঠিক কিছু বলতে পারেননি। যদিও তার সময়ে আগেও জাতীয় দলে ডিসিপ্লিন ইসু ছিল নড়বড়ে! এরপরও নতুন করে ম্যানেজারের দায়িত্ব চেপেছে তার ওপর!